
রাজধানীর বাড্ডায় অপর্ণা আক্তার নামের এক বিশ্ববিদ্যালয়ছাত্রীকে কুপিয়ে মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা–পুলিশ।
পুলিশ জানায়, বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপর্ণা ২ এপ্রিল রাতে বাসায় ফেরার সময় বাড্ডার আফতাবনগরে ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ও মুঠোফোন ছিনিয়ে নেন। এ ঘটনায় তাঁর ভাই অভিযোগ করার পর বাড্ডা থানায় মামলা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইমরান হোসেন ওরফে ঝাওয়ালী ওরফে জালালী ও মো. শাহজাহান।
পুলিশ বলেছে, গ্রেপ্তার দুজনের তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি এবং একটি রক্তমাখা শার্ট ও ছিনতাই হওয়া মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে। ইমরানের বিরুদ্ধে সাতটি ও শাহজাহানের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার মো. আ. আহাদ জানান, মামলার পর পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও মুঠোফোন উদ্ধারে কাজ শুরু করে। একপর্যায়ে প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে বাড্ডার আনন্দনগর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।