মানুষের আবেগের সব ধরনের প্রকাশভঙ্গিই কোনো না কোনো শিল্পমাধ্যমের সঙ্গে মিলে যায়। শিল্পের ভেতর দিয়েই নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরা সম্ভব। শিল্পমাধ্যম নিয়ে এসব কথা উঠে এল ‘প্রাচ্য ও দ্বৈতাদ্বৈতবাদ’ নামের চিত্রভাষা প্রদর্শনীতে। শিল্পী তামিমা সুলতানার একক দ্বিতীয় প্রদর্শনী এটি।
রাজধানীর লালমাটিয়ায় আর্ট গ্যালারি কলাকেন্দ্রে আজ শুক্রবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন এবং নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজাল হোসেন। আরও ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরীসহ অন্যরা।
আফজাল হোসেন বলেন, নাট্যজন সেলিম আল দীনের নাটকে থাকে মহাকাব্যিক ব্যাপ্তি। এই জনপদের বিবিধ শ্রেণি–পেশার মানুষের সুখ–দুঃখ, আশা–হতাশা, আবেগ–অনুভবের যেমন কুশলী বর্ণনা তিনি দিয়েছেন, তা নাট্যকলা, বাক্যকলার আয়তন ভেঙে চিত্রকলা হয়ে সামনে এসে দাঁড়ায়। নাট্যজন সেলিম আল দীনের সেই কাজ থেকে উৎসাহ নিয়েই শিল্পী তামিমা সুলতানা এই কাজে নেমেছেন। তামিমা ‘প্রাচ্য ও দ্বৈতাদ্বৈতবাদ’ প্রদর্শনীতে যেসব চিত্রকলা উপস্থাপন করেছেন, তা ভাবনা ও অনুভবের বিচারে বিশেষ।
নাট্যজন সেলিম আল দীনের পাঁচালিজাত নাটক ‘প্রাচ্য’ দুই যুগের বেশি সময় আগে ঢাকার মঞ্চে প্রদর্শিত হয়েছে। সেই নাটকই এবার শিল্পী তামিমার চিত্রভাষায় উঠে এসেছে ‘প্রাচ্য ও দ্বৈতাদ্বৈতবাদ’ শিরোনামের প্রদর্শনীতে।
শিল্পী নিসার হোসেন বলেন, শিল্পের সব শাখা একই সূত্রে গাঁথা। সেলিম আল দীন তাঁর শিল্পে যে গভীর দর্শন উপস্থাপন করেছেন, তা–ই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তামিমা হোসেন।
শিল্পের ভেতর দিয়ে নিজস্ব সংস্কৃতিকে খুঁজে পাওয়ার চেষ্টার কথা উঠে আসে তামিমা হোসেনের বক্তব্যে। নাট্যজন সেলিম আল দীনের কাজ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে বলে উল্লেখ করেন তিনি।
প্রদর্শনীটি চলবে আগামী ৩ মে পর্যন্ত। ঢাকা থিয়েটারের আয়োজনে ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহযোগিতায় প্রদর্শনীতে স্থান পেয়েছে ৩০টির মতো শিল্পকর্ম। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে প্রদর্শনী।