সহানুভূতি-সহনশীলতার কথা বলে পবিত্র রমজান: পিটার হাস

ঢাকার মার্কিন দূতাবাস আয়োজিত ইফতার অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রদূত পিটার হাস
ছবি: দূতাবাসের সৌজন্যে

পবিত্র রমজান একে অন্যের প্রতি সহানুভূতি ও সহনশীলতা প্রকাশ, ধৈর্য ধারণ এবং সাহায্য প্রয়োজন এমন ব্যক্তিদের খুঁজে বের করে পাশে দাঁড়ানোর কথা বলে। আজ বুধবার সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

ধর্মীয় স্বাধীনতা, বৈচিত্র্য, সাম্য ও অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি প্রচারের প্রতিশ্রুতি নিয়ে মার্কিন দূতাবাস রাজধানীর বাড্ডার ফাতেমাস ডেল ভেন্যুতে ৮০ জন সুবিধাবঞ্চিত শিশুর জন্য এই ইফতারের আয়োজন করে।

এই শিশুরা দূতাবাস পরিচালিত ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি সেন্টার (ভাষা সক্ষমতা কেন্দ্র) এবং অবিন্তা কবির ফাউন্ডেশনের কার্যক্রমের সঙ্গে যুক্ত। ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি সেন্টারের মাধ্যমে শিশুদের বিনা মূল্যে ইংরেজি ভাষার ওপর দক্ষতা অর্জনের শিক্ষা দেওয়া হয়।

অনুষ্ঠানে পিটার হাস আরও বলেন, যাঁদের সামর্থ্য রয়েছে, তাঁরা যেন সাহায্য প্রয়োজন এমন ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সহায়তা করেন। এটাই পবিত্র রমজানের আসল তাৎপর্য বলে তিনি উপলব্ধি করেছেন।

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে বসে ইফতার করেন পিটার হাস

ইফতার অনুষ্ঠানে সুরা ও হামদ-নাত পরিবেশন করে শিশুরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ল্যাংগুয়েজ প্রফিশিয়েন্সি সেন্টার এবং ইমপ্লিমেন্টিং পার্টনার অব ইংলিশ অ্যাকসেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রামের পরিচালক জাভেদ হায়দার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূতের স্ত্রী অ্যামি হাস, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লা-ফেইভ, পাবলিক অ্যাফেয়ার্স কর্মকর্তা শন ম্যাকিনটোশ ও সংস্কৃতি-বিষয়ক কর্মকর্তা শার্লিনা হুসেইন মরগ্যান, ফাতেমা’স ডেল ভেন্যুর স্বত্বাধিকারী ফাতেমা জহির, অবিন্তা কবির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রুবা আহমেদ প্রমুখ।