রাজধানীর বঙ্গবাজারের ভস্মীভূত মার্কেট পরিদর্শন করছেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতারা
রাজধানীর বঙ্গবাজারের ভস্মীভূত মার্কেট পরিদর্শন করছেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতারা

বঙ্গবাজারের ভস্মীভূত মার্কেট পরিদর্শনে বাম জোটের নেতারা

রাজধানীর বঙ্গবাজারের ভস্মীভূত কয়েকটি মার্কেট পরিদর্শন করেছেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতারা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাম নেতারা এলাকাটিতে যান।

বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এ দলের নেতৃত্ব দেন। পরিদর্শন দলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহীদুল ইসলাম, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী, সিপিবির কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন রেজা, বাসদের (মার্কসবাদী) নেতা সীমা দত্ত, বাসদ নেতা আনোয়ার হোসেন, কমিউনিস্ট লীগ নেতা বিধান দাস।

পরিদর্শনকালে বাম জোটের নেতারা বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির নেতা, বিভিন্ন দোকানের কর্মচারী, খুদে ব্যবসায়ী, হকার ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও কর্মচারীদের প্রতি সহাভূতি জানান এবং পুড়ে যাওয়া বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে বাম জোটের নেতারা বিবৃতিতে বলেন, ‘শুধু বঙ্গবাজারের দোকান পোড়েনি, এতে লাখ লাখ মানুষের ভবিষ্যৎ পুড়ে গেছে। বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের চোখে আযুল দিয়ে দেখিয়ে দিল, ৪টি নদীবেষ্টিত এবং ২২টি খাল যে শহরে ছিল, সেই ঢাকায় আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় পানির অভাব।’

পরিদর্শনের সময় বঙ্গবাজারের ব্যবসায়ী, দোকানের কর্মচারীদের সঙ্গে কথা বলেন বাম নেতারা

বাম জোট বঙ্গাবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন। বঙ্গবাজারের ব্যবসায়ী ও কর্মচারীদের যথাযথ তালিকা করে দুর্নীতি ও দলীয়করণমুক্তভাবে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসনের দাবি করে বাম জোট। এ ছাড়া সুষ্ঠু তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ এবং দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারার কারণ উদ্ঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি করা হয়। এর পাশাপাশি ঈদের আগে অস্থায়ীভাবে একই স্থানে ব্যবসা করার ব্যবস্থা করা, প্রতিটি মার্কেট ও কমপ্লেক্স নির্মাণের সময় পুকুর, জলাধার, সুইমিংপুল নির্মাণ বাধ্যতামূলক করা এবং ঢাকা শহরের খাল ও জলাধার দখলমুক্ত করে উদ্ধারের দাবি করেন বাম নেতারা