ঢাকা বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আওয়ামীপন্থী নারী কাউন্সিলরের

ঢাকা বিশ্ববিদ্যালয়
 ফাইল ছবি

রাজধানীর আনন্দবাজারের ব্যবসায়ীদের কাছে থেকে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৩, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রোকসানা ইসলাম। আনন্দবাজার এলাকাটি ২০ নম্বর ওয়ার্ডে পড়েছে।

গত শুক্রবার রাজধানীর বঙ্গবাজারে খাবার পানি সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের কয়েক শ পানির জার ভাঙচুরের ঘটনা ঘটে। আওয়ামীপন্থী কাউন্সিলর রোকসানা ইসলামের অভিযোগ, ঢাবির অমর একুশে হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনায় জড়িত। তাঁর দাবি, গত শনিবার ছাত্রলীগের ৬০ থেকে ৭০ নেতা-কর্মী ব্যবসাপ্রতিষ্ঠানটির দখল নিতে সেখানে যান। এ সময় বাধা দিতে গেলে ছাত্রলীগ নেতা-কর্মীরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।

ভাঙচুরের এ ঘটনার তদন্ত ও বিচার চেয়ে গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানকে লিখিত অভিযোগ দিয়েছেন রোকসানা ইসলাম। উপাচার্য তাঁকে জানান, প্রক্টর মাকসুদুর রহমান অভিযোগ খতিয়ে দেখবেন।

লিখিত অভিযোগে রোকসানা বলেন, গত ৪ এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ডে বঙ্গবাজার এলাকার কয়েক হাজার দোকান ভস্মীভূত হয়ে ব্যবসায়ীরা নিঃস্ব হন। এ পরিস্থিতিতেও পবিত্র ঈদুল ফিতরের আগে থেকে অমর একুশে হল শাখা ছাত্রলীগের নামধারী কতিপয় ব্যক্তি আনন্দবাজার ও আশপাশের এলাকার দোকানপাট, যানবাহন, সাধারণ ও ক্ষুদ্র ব্যবসায়ী, হোটেল ও পরিবহন ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা নেন।

রোকসানা ইসলামের অভিযোগ, চার থেকে পাঁচ দিন ধরে অমর একুশে হল শাখা ছাত্রলীগের নামধারী ব্যক্তিরা তাঁদের মালিকানাধীন বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেটে খাবার পানির ব্যবসার নামে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছেন।

অভিযোগে বলা হয়, ছাত্রলীগের নামধারী ব্যক্তিরা গত শুক্রবার গভীর রাতে তাঁদের বিপণিবিতানে খাবার পানি সরবরাহকাজে ব্যবহার করা পানিভর্তি ৩০০টি জার ভেঙে ফেলেন। পরদিন শনিবার সকাল ছয়টার দিকে আবারও তাঁরা পানিভর্তি প্রায় ২০০টি জার নিয়ে বিপণিবিতানের সামনে অবস্থান নেন। বিপণিবিতানের দোকানদারদের পানির জার তাঁরা সরবরাহ করবেন বলে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এ কাজে বাধা দেন রোকসানা। এ সময় তাঁর সঙ্গে অশোভন আচরণ করা হয়।

এই নারী কাউন্সিলরের অভিযোগ, এ ঘটনায় আসফাক সরকার ওরফে আবীর, মাহাতাব উদ্দিন চৌধুরী, আসাফ-উদ্দৌলা ওরফে কাঁকন, আহনাফ ইসরাক ওরফে নাফি, আবদুল্লাহ ওমর ওরফে নাসিফ, আবদুর রহমান, সাজ্জাদ হোসেন ওরফে দীপু ও সামীউল ইসলাম ওরফে রাফি জড়িত। তদন্ত করে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযোগ ওঠা আসফাক, মাহতাব, আসাফ-উদ্দৌলা ও আহনাফ অমর একুশে হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আবদুল্লাহ সাংগঠনিক সম্পাদক। আবদুর রহমান প্রচার সম্পাদক। সাজ্জাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হলেও অমর একুশে হলে অবৈধভাবে থাকেন। তবে সামীউলের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। তবে শনিবারের ঘটনার ভিডিও ফুটেজ প্রথম আলোর কাছে আছে।

দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ।

উপাচার্যের চিঠি পেয়েছেন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাকসুদুর রহমান প্রথম আলোকে বলেন, চিঠি ভালোভাবে পড়ে দেখে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।