আগুন
আগুন

ঢাকার চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে অগ্নিকাণ্ড

রাজধানীর চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপার মার্কেটের আটতলা ভবনের তৃতীয় তলার একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।

আজ শনিবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলামের পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, বেলা ১টা ৩৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ১টা ৪৬ মিনিটে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট পথে রয়েছে।

সংশোধনী: এ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে প্রাথমিকভাবে পাঠানো খুদে বার্তায় মার্কেটের নাম ও ভবন সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল মার্কেটের নাম চকবাজারের খাজা মার্কেট। আর ভবনটি বলা হয়েছিল পাঁচতলা। পরে আবার ফায়ার সার্ভিস আবারও খুদে বার্তা পাঠিয়ে ঘটনাস্থলের প্রকৃত ঠিকানা জানায়। এর ভিত্তিতে প্রতিবেদনটি বিকেল ৫টা ৩৩ মিনিটে সংশোধন করা হলো।