সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী ঢাকায়ও সূর্যের দেখা মিলছে না। হাড়কাঁপানো শীতে রাজধানীবাসীর অবস্থা এখন নাকাল। শীত থেকে রেহাই পেতে তাই গরম কাপড়ের দোকানে ছুটছে মানুষ। এতে হঠাৎ করেই বেড়েছে এসব দোকানে বেচাকেনা। অবস্থা এমন দাঁড়িয়েছে যে গরম কাপড়ের অনেক বিক্রেতা এখন দম ফেলার সময় পাচ্ছেন না।
রাজধানীতে শীতে কাবু হওয়া এমন দুই বন্ধু মোশাররফ হোসেন ও মাহবুবুর রহমান। আজ শনিবার বিকেল থেকে ব্যক্তিগত কাজে তাঁরা কারওয়ান বাজারে ছিলেন। সন্ধ্যার দিকে ঠান্ডায় কাবু হয়ে গরম কাপড় বিক্রি করা একটি ভ্যানের সামনে যান। বিক্রেতার কাছে টুপি ও মাফলারের দাম জিজ্ঞেস করেন। জবাব আসে টুপি দেড় শ আর মাফলার এক শ টাকা। পরে দামাদামি করতে গিয়ে হোঁচট খান তাঁরা। বিক্রেতা বলে দেন, ‘নিলে নেন, কথা কওনের সময় নাই।’ বিকেলে কারওয়ানবাজার এলাকায় যতগুলো ভ্রাম্যমাণ শীতের কাপড়ের দোকান ছিল সবগুলোতেই ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়। অতিরিক্ত ভিড় দেখা গেছে রাজধানীর বিভিন্ন এলাকার অলিগলিতে ভ্যানে করে পোশাক বিক্রেতাদের কাছেও।
তীব্র শীতের মধ্যে যখন গরম কাপড় বিক্রেতার ‘কথা কওনের সময় নেই’, তখন আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ দিচ্ছে মন খারাপের বার্তা। তাঁরা বলছে, আজ দেশের অন্তত ১৬টি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বেশির ভাগ এলাকায় গতকাল শুক্রবারের তুলনায় আজ তাপমাত্রা কমেছে। তাই শীতের অনুভূতি বেড়েছে।
রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা প্রায় শৈত্যপ্রবাহের কাছাকাছি পর্যায়ে নেমে এসেছে।
শুধু কারওয়ান বাজারই নয়, গরম কাপড়ের বিক্রেতারা অতি ব্যস্ত খিলগাঁও ও মিরপুরে।
আজ দুপুরে মিরপুর ১৩ নম্বরে হোপ ইন্টারন্যাশনাল স্কুলের গলিতে গিয়ে দেখা যায়, অন্য পোশাকের চেয়ে শীতের পোশাক কিনতে ক্রেতাদের আগ্রহ বেশি। দরদাম করলে সময় বেশি লাগে, তাই এক দাম বলে হাঁকডাক দিচ্ছেন বিক্রেতারা। খিলগাঁওয়ে তালতলা সুপারমার্কেটের পাশের বাসিন্দা নূরে আলমও জানান একই কথা।
একই চিত্র গুলিস্তানে। এই এলাকার দোকানি মাহমুদুর হাসান প্রথম আলোকে বলেন, গুলিস্তানের পাইকারি দোকানগুলোতে যাঁরা শীতের পোশাক বিক্রি করছেন, তাঁরা দম ফেলার সময় পাচ্ছেন না। হঠাৎ বিক্রি বেড়েছে। বিক্রি বেড়ে যাওয়ায় এখন বাড়তি দাম নিচ্ছেন তাঁরা।
গরম কাপড়ের দাম বেড়ে যাওয়ার কথা বললেন মিরপুরের বাউনিয়া বাঁধ এলাকার বাসিন্দা আবদুল্লাহ আল মামুনও। গতকাল একটি বিপণিবিতান থেকে জ্যাকেট কিনেছেন তিনি। আট হাজার টাকায় ওই জ্যাকেট কেনার পর তাঁর ভাষ্য, শীত বেড়ে যাওয়ার কারণে দাম বেশি রাখা হয়েছে। ওই জ্যাকেটের দাম সর্বোচ্চ পাঁচ হাজার টাকা হওয়ার কথা।
জ্যাকেটের দাম বাড়লেও ভালোই বিক্রি হচ্ছে—এমন কথা জানিয়েছেন হাজারীবাগের চামড়ার পোশাক বিক্রেতারা। ওই এলাকার দর্জি মোস্তফা খান প্রথম আলোকে বলেন, তিনি দেড় শ চামড়ার জ্যাকেটের অর্ডার পেয়েছেন। আরেক দোকানি ফারুক খান বলেন, গত সপ্তাহের আগেও তাঁদের বিক্রি তেমন ছিল না। হঠাৎ বিক্রি বেড়েছে। দাম বাড়ার কারণে জ্যাকেটের ক্রেতাদের উপচেপড়া ভিড় না থাকলেও বিক্রি ভালো হচ্ছে।
এদিকে শীতের পোশাকর পাশাপাশি কম্বল বিক্রিও বেড়েছে। মিরপুরের নান্নু মার্কেট এবং গুলিস্তানের ফুলবাড়িয়া সুপারমার্কেট-১–এর তিনজন দোকানি প্রথম আলোকে বলেন, নিজেরা ব্যবহারের পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিতেও অনেকে কম্বল কিনছেন। এখানেও ক্রেতাদের সেই একই অভিযোগ, তাঁদের কাছ থেকে বেশি দাম রাখা হচ্ছে।
অভিযোগকারীদের একজন শ্যামলীর একটি মেসের বাসিন্দা ইকবাল হোসেন। আজ সন্ধ্যার দিকে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, পাতলা দুটি কম্বল দিয়ে এতদিন চালিয়েছেন। শীত বাড়ার কারণে কম্বল কিনতে গিয়েছিলেন। ৪০০ থেকে ৫০০ টাকার কম্বলের দাম চাওয়া হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা। পরে ৬০০ টাকায় একটি কম্বল কিনেছেন। এই কম্বলের দাম স্বাভাবিক সময়ে ৪০০ টাকার বেশি হবে না।