
আজ শুক্রবার সকালের দিকে রাজধানী ঢাকার আকাশ মোটামুটি পরিষ্কার ছিল। দুপুর ১২টার দিকে মেঘ ও রোদের লুকোচুরি চললেও রোদের দাপট ছিল বেশ। এর কিছু সময় পর আকাশে কালো মেঘ জড়ো হওয়ার পাশাপাশি ভ্যাপসা গরম শুরু হয়। বেলা পৌনে দুইটার দিকে টিপটিপ বৃষ্টির পর শুরু হয় মুষলধারায় বর্ষণ। টানা চলতে থাকা কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকায় ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বিকেল সাড়ে পাঁচটার দিকে দেখা যায়, রাজধানীর মিরপুর ১৪ নম্বর থেকে ১০ নম্বরে যাওয়ার সড়কটির কোনো কোনো জায়গা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর-২ নম্বরের দিকে যাওয়ার রাস্তায়ও পানি দেখা গেছে। আর কাজীপাড়া থেকে শেওড়াপাড়া অংশের পুরো সড়ক পানিতে তলিয়ে গেছে। সড়কটির কোনো কোনো অংশের ফুটপাতও পানির নিচে। এসব অংশে প্রায় হাঁটুপানি ছিল। এ সময় ইঞ্জিনে পানি ঢুকে ৩০-৪০টি সিএনজিচালিত অটোরিকশা ও তিনটি ব্যক্তিগত গাড়িকে (প্রাইভেট কার) বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এসব গাড়ির অনেক যাত্রীই পরে উপায় না দেখে মেট্রোরেলের নিচে থাকা উঁচু সড়ক বিভাজকের রেলিং ধরে হাঁটছিলেন।
বিকল অটোরিকশাকে টেনে শুকনো স্থানে নিয়ে আসছিলেন আব্বাস আলী। তিনি প্রথম আলোকে বলেন, ‘মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে যতই কাজীপাড়ার দিকে আসছিলাম, রাস্তায় জমে থাকা পানি ততই বাড়ছিল। তবে যানজট ছিল না। তাই ভেবেছিলাম টেনে বেরিয়ে যাব। কিন্তু কাজীপাড়া পৌঁছার আগেই যানজটে আটকে যাই। তখনই থেমে থাকতে গিয়ে ইঞ্জিনে পানি ঢুকে যায়। এখন চালুই হচ্ছে না।’
কাজীপাড়া থেকে শেওড়াপাড়া অংশে সড়কের মাঝবরাবর জমে থাকা পানির পরিমাণ কিছুটা কম ছিল। তাই সড়কের উভয় পাশেই চালকেরা সড়ক বিভাজক ঘেঁষে গাড়ি চালানোর চেষ্টা করছিলেন। এতে সড়কের ওই অংশে যানজটও লেগে যায়।
ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন গ্রিন রোড, জিগাতলা, বংশাল, ইংলিশ রোড, জুরাইন, খিলগাঁও, বাসাবো, মালিবাগ মোড়—এসব এলাকার সড়কে পানি জমেছে বলে জানা গেছে। আর ঢাকা উত্তর সিটির আওতাধীন মিরপুর ছাড়াও তুরাগ, উত্তরখান ও দক্ষিণখানের বিভিন্ন এলাকার ভেতরে ও সড়কে বৃষ্টির পানি জমে আছে বলে জানা গেছে।
ঢাকা উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন প্রথম আলোকে বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য ঢাকা উত্তর সিটির ১০টি অঞ্চলে ১০টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। তারা মূলত পানিপ্রবাহের পথে ম্যানহোলের ঢাকনা কিংবা নালার মুখে আবর্জনা জমে পানি নামতে না পারলে সেগুলো পরিষ্কার করে দেয়।
রাত আটটার দিকে মিরপুর ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, রাস্তার পানি অনেকটা কমে গেছে।
এদিকে ঈদুল আজহায় ঈদের দিন মানুষ পশু কোরবানি নিয়ে বেশি ব্যস্ত থাকলেও পরদিন পরিবার-পরিজন নিয়ে ফাঁকা রাজধানীতে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করেন। এবার তেমন প্রস্তুতি নিয়েও পরিকল্পনা বাতিল করতে হয়েছে। ফলে ঈদের পরদিন ঢাকার সেই চিরচেনা রূপটি আজ দেখা যায়নি।
জাতীয় সংসদ ভবনের সামনে ঈদের পরদিন ঘোড়ার গাড়ি, বিভিন্ন হকার, আইসক্রিমের গাড়িসহ বিভিন্ন আয়োজনে মেলার আবহ তৈরি হয়। ঝলমলে পোশাক পরে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষে গিজগিজ করতে থাকে। তবে আজ বিকেল সাড়ে চারটার দিকে সংসদ ভবনের সামনে কয়েকটি আইসক্রিমের ভ্যান ছাড়া আর কিছু ছিল না। চন্দ্রিমা উদ্যানের সামনেও ছিল একই চেহারা।
রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যাই বেশি ছিল আজ। দু-একটি বাসের দেখা মিললেও তাতে যাত্রী ছিল হাতেগোনা কয়েকজন। কারওয়ান বাজারসহ বিভিন্ন সড়কে অন্য সময় রিকশা চলতে না পারলেও আজ সেভাবে কেউ বাধা দেয়নি। তবে রিকশার সংখ্যাও ছিল কম। কোনো কোনো চালক বৃষ্টিতে ভিজে আবার কেউ কেউ রিকশার সঙ্গে ছাতা বেঁধে ও রেইনকোট গায়ে দিয়ে বের হয়েছিলেন। ঈদের সময় সিএনজিচালিত অটোরিকশার চালক ও রিকশাচালকেরা বাড়তি ভাড়া হাঁকিয়েছেন, আবার অনেক যাত্রী চালকদের দুর্ভোগ দেখে অন্য সময়ের তুলনায় বেশি ভাড়া দিয়েছেন।
রাইড শেয়ারিং অ্যাপে গাড়ি পেতেও ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। একটি বেসরকারি সংস্থায় কর্মরত একজন জানালেন, তিনি ২০ মিনিটের কম সময়ে মোহাম্মদপুর থেকে কারওয়ান বাজারে আসতে পেরেছেন। তবে একটি রাইড শেয়ারিং অ্যাপে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে অটোরিকশা পেয়েছিলেন।
বৃষ্টিতে সিএনজি ও রিকশাচালকদের যাত্রী পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। ফলে অন্যবার ঈদের পরদিন যা আয় করেন, এবার তা করতে পারেননি। মোহাম্মদপুরের একজন সিএনজিচালক জমশের আলী বলেন, ‘যাত্রী পাব কোথায়, যাত্রীই তো নাই। আর বৃষ্টির পানির যে অবস্থা, সিএনজি রাইখ্যা নৌকা নিয়া বাইর হইতে হইব।’