বাধার মুখে রাজউক পুনর্বাসন প্রকল্প ডিআইটি প্রজেক্ট মাঠে বৈশাখী মেলা আয়োজন বন্ধ রাখা হয়েছে। মেরুল বাড্ডা, ঢাকা। ১২ এপ্রিল ২০২৬
বাধার মুখে রাজউক পুনর্বাসন প্রকল্প ডিআইটি প্রজেক্ট মাঠে বৈশাখী মেলা আয়োজন বন্ধ রাখা হয়েছে। মেরুল বাড্ডা, ঢাকা। ১২ এপ্রিল ২০২৬

ঢাকার মেরুল বাড্ডায় বৈশাখী মেলায় বাধা; পুলিশ বলছে, দুই পক্ষের বিরোধ

রাজধানীর মেরুল বাড্ডার রাজউক পুনর্বাসন প্রকল্প ডিআইটি প্রজেক্ট মাঠে বৈশাখী মেলা আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, স্থানীয় দুটি পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে মেলার আয়োজন বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, বিএনপির স্থানীয় কয়েকজন নেতা-কর্মী মিলে এই মেলার আয়োজন করেন। তবে বিএনপির আরেকটি পক্ষ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মেলা আয়োজনে বাধা দেয়। এক সপ্তাহ ধরে সেখানে মেলা আয়োজনের প্রস্তুতি চলছিল। বাধার মুখে আজ রোববার দোকানপাট খুলে নিয়ে যান আয়োজকেরা।

মেলা আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সৈকত আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি প্রথম আলোকে বলেন, অনুমতি ছাড়া আবাসিক এলাকায় মেলা আয়োজন করায় তাঁরা বাধা দিয়েছেন।

মেলার আয়োজক মুন্সী আতিকুর রহমান পারভেজ প্রথম আলোকে বলেন, দক্ষিণ বারিধারা সোসাইটি বৈশাখী মেলা আয়োজনের অনুমতি দিয়েছে। মাঠের মালিক ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাছেও অনুমতির জন্য আবেদন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, যুবদল নেতা সৈকত আলী এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের বাড্ডা থানা শাখার সভাপতি আশরাফ উদ্দিন বাবর এনসিপি ও জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মেলা আয়োজনে বাধা দিয়েছেন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার এম তানভীর আহমেদ প্রথম আলোকে বলেন, যথাযথ কর্তৃপক্ষ মেলার অনুমতি দিলে সেখানে মেলা আয়োজনে কোনো বাধা নেই। তবে মেলা আয়োজন নিয়ে দুটি পক্ষ রয়েছে। এক পক্ষ আয়োজন করতে চায়, অন্য পক্ষ তাতে বাধা দেওয়ার চেষ্টা করছে।