বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে নারী শিক্ষার্থীদের ২৪ ঘণ্টা প্রবেশাধিকার চায় শিক্ষক নেটওয়ার্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলমান ‘সান্ধ্য আইন’ বাতিল এবং নারী শিক্ষার্থীদের ২৪ ঘণ্টা নিরাপদে যাতায়াতের সুযোগ নিশ্চিত করাসহ তিন দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক নারী শিক্ষার্থীদের আবাসিক হলে প্রবেশে বৈষম্য বিলোপের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে রোববার এক বিবৃতিতে এসব দাবি জানিয়েছে শিক্ষক নেটওয়ার্ক।

শিক্ষক নেটওয়ার্কের তিন দফার অন্য দুই দাবি হলো বৈধ পরিচয়পত্র প্রদর্শন করে সব ছাত্রীকে যেকোনো হলে প্রবেশ এবং অনুমতি সাপেক্ষে রাত্রিযাপনের সুযোগ দেওয়া এবং ছাত্রীদের মা-বোনসহ নারী স্বজনদের হলে প্রবেশাধিকার নিশ্চিত করা।

বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী-পুরুষনির্বিশেষে সব শিক্ষার্থীর জন্য সমানভাবে মুক্ত জ্ঞানচর্চার সুযোগ নিশ্চিত করার কথা বললেও বাস্তবে নারী শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এখনো ৫৭ শতাংশ নারী শিক্ষার্থী আবাসনসুবিধা থেকে বঞ্চিত।

নিয়মিত হল ফি দেওয়ার পরও অনাবাসিক ছাত্রীদের নিজ হলে প্রবেশের সুযোগ নেই। এমনকি বিরতি বা খাবারের জন্যও তাঁরা হলে প্রবেশ করতে পারেন না। আবাসিক ছাত্রীদের মা-বোনসহ নারী স্বজন এবং অন্য হলের ছাত্রীদের প্রবেশেও বিধিনিষেধ রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

শিক্ষক নেটওয়ার্কের অভিযোগ, নিরাপত্তার অজুহাতে চালু থাকা ঔপনিবেশিক ‘সান্ধ্য আইন’ নারী শিক্ষার্থীদের হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে। দূরপাল্লার যাত্রা শেষে রাতে হলে ফেরার সময় গেটে অপেক্ষা করা, জরুরি প্রয়োজনে রাতে বের হওয়া—এসব ক্ষেত্রে নিয়মিত ছাত্রীদের প্রশাসনিক হেনস্তা ও চরিত্রহননের শিকার হতে হয়।

শিক্ষক নেটওয়ার্ক বলেছে, ক্যাম্পাসে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে রাত ১০টার পর ছাত্রীদের হলে প্রবেশাধিকার বন্ধ করে দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলে দাবি করছে প্রশাসন। কিন্তু সকাল ছয়টা পর্যন্ত কোনো ছাত্রী হলের বাইরে থাকলে তাঁর নিরাপত্তার দায়িত্ব কীভাবে নিশ্চিত করা হচ্ছে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেই।

শিক্ষক নেটওয়ার্কের ভাষ্য, সবচেয়ে বড় প্রহসন, ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা নার্সিং কলেজের নারী শিক্ষার্থীদের হল নিয়ে এ ধরনের দ্বৈতনীতি নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক নারী শিক্ষার্থীরা তাঁদের কক্ষে পরিবারের নারী সদস্য, বান্ধবীদের নিয়ে যেতে পারলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা এই সুযোগ থেকেও বঞ্চিত। সার্বক্ষণিক নিরাপত্তাকে সুসংহত না করে নারীর বিচরণ সংকুচিত করা প্রশাসনিক ব্যর্থতারই প্রমাণ।