রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ী ঢাল সড়কে ব্যাটারিচালিত রিকশার চাপায় আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম মোছা. নওরিন। তার বাবা নাজিম মিয়া পেশায় ভ্যানচালক। দুই ভাই–বোনের মধ্যে নওরিন দ্বিতীয়। তাদের গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামে। বর্তমানে রাজধানীর বেগুনবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় থাকে পরিবারটি।
নাজিম মিয়া বলেন, বিকেলে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার সময় নওরিনও সঙ্গে যাওয়ার জন্য বায়না ধরে। পরে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি বাসা থেকে বের হন। একপর্যায়ে তাঁর হাত ছেড়ে নওরিন কিছুটা সামনে এগিয়ে যায়। এ সময় বেগুনবাড়ী ঢাল সড়কে একটি দ্রুতগতির ব্যাটারিচালিত রিকশা তাকে চাপা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় শিশুটি।
শিশুটির পরিবারের সদস্যরা জানান, আহত অবস্থায় নওরিনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, শিশুটিকে জরুরি বিভাগে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।