সিরাজুল ইসলাম চৌধুরী

ইতিহাস অধ্যয়নে আবুল মনসুর আহমদের কাছে যেতে হয়

আবুল মনসুর আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর ‘বাংলাদেশের কালচার’ বইয়ের ওপর আলোচনা ও রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি এবং বিজয়ীরা
ছবি: সংগৃহীত

আমাদের যে ইতিহাস চর্চা হচ্ছে, তা একেবারে নিম্ন পর্যায়ে চলে গেছে। এ কারণে ইতিহাস অধ্যয়নের জন্য আমাদের আবুল মনসুর আহমদের কাছে যেতে হয়।

শনিবার প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিক আবুল মনসুর আহমদের ‘বাংলাদেশের কালচার’ গ্রন্থের ওপর আলোচনা ও রিভিউ প্রতিযোগিতার পুরস্কারবিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন।

আবুল মনসুর আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ। গত ১৮ মার্চ ছিল প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিকের ৪৪তম মৃত্যুবার্ষিকী।

রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উল্লিখিত গ্রন্থের ওপর সিরাজুল ইসলাম চৌধুরী ছাড়াও আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আদনান আরিফ সালিম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক দিব্যদ্যুতি সরকার ও কবি আফরোজা সোমা।

সংস্কৃতি নিয়ে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘সংস্কৃতি যে কত গুরুত্বপূর্ণ তা আমরা জানি। সভ্যতার চেয়েও সংস্কৃতি বড়—কথাটি আমরা জানি। কিন্তু সংস্কৃতির চর্চা বাংলাদেশে এখন অত্যন্ত নিম্ন জায়গায় পৌঁছে গেছে। যেমনভাবে আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, তেমনভাবে আমাদের সংস্কৃতির চর্চাও শুকিয়ে যাচ্ছে।’

এখন বাংলাদেশে সমষ্টিগত সংস্কৃতির চর্চা ক্রমাগত সংকীর্ণ হয়ে আসছে মন্তব্য করে এই শিক্ষাবিদ আরও বলেন, ‘সমষ্টিগত চর্চা নেই। মুঠোফোনের মধ্যে, ইন্টারনেটের মধ্যে, ঘরের ভেতর, টেলিভিশনে ব্যক্তিগত সংস্কৃতির চর্চা হচ্ছে। সাংস্কৃতিক অঙ্গনে যা ঘটছে তা খুবই বিপজ্জনক।’

তাই সংস্কৃতি চর্চায় সামাজিক মালিকানা প্রতিষ্ঠার তাগিদ দেন এই শিক্ষাবিদ। তিনি বলেন, ‘আজকের বিশ্বে মানবসভ্যতা এমন এক মোড়ে এসে পৌঁছেছে, যেখানে এই সভ্যতা টিকে থাকবে কি না, সেই প্রশ্ন সামনে এসেছে। এখন এটা সংস্কৃতির ওপর অনেকটাই নির্ভর করছে। ব্যক্তিগত মালিকানার এই সংস্কৃতি কি অগ্রসর হবে, নাকি সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হবে?’

আবুল মনসুর আহমদের ‘বাংলাদেশের কালচার’ গ্রন্থের আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘এই বইয়ে সংস্কৃতির ধারণা সম্পূর্ণ ভিন্ন। এটি সব ধরনের হাওয়াই ব্যাপার থেকে মুক্ত।’

এই অধ্যাপকের ভাষ্য, পদ্ধতিগত ব্যাপারে আবুল মনসুর আহমদ তাঁর প্রতিটি লেখায় অত্যন্ত হুঁশিয়ার ছিলেন।

সমসাময়িক গবেষকদের জন্য বইটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা রয়েছে মন্তব্য করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আদনান আরিফ সালিম বলেন, ‘আমরা যদি বিভিন্ন তাত্ত্বিক ধারণার আলোকে এটি ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি এবং নতুন করে বোঝার চেষ্টা করি, তাহলে আমি মনে করি, তরুণ গবেষকেরা এখান থেকে অনেক মূল্যবান দিকনির্দেশনা পাবেন।’

নোবিপ্রবির অধ্যাপক দিব্যদ্যুতি সরকারের মতে, রচনার শব্দশৈলীতে আবুল মনসুর আহমদ খুবই অনন্য। তিনি আলোচ্য বইটি সম্পর্কে বলেন, ‘বইটি সংস্কৃতির সংজ্ঞা প্রদান করে না; বরং এটি আমাদের সংস্কৃতি কেমন হওয়া উচিত সে সম্পর্কে কিছু নির্দেশনা দেয়। বইয়ের নিবন্ধগুলো থিসিসের মতো।’

আলোচনা পর্ব শেষে ‘বাংলাদেশের কালচার’ বইয়ের রিভিউ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহ্‌ফুজ আনাম।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান মোস্তফা মুশফিক তালুকদার। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পান যথাক্রমে ফাইজা বিনতে হক ও জোবায়ের ইবনে কামাল।