রাজধানীর ডেমরায় মাথায় ইট পড়ে তরুণের মৃত্যু

মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরার মুসলিম নগর এলাকায় নির্মাণাধীন একটি ভবনের চারতলা থেকে মাথায় ইট পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। মো. ফয়সাল নামের ওই তরুণ ছোটখাটো ব্যবসা করতেন।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফয়সাল পরিবারের সঙ্গে মুসলিম নগরে থাকতেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে সেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

এসআই তৌহিদুল বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মুসলিম নগর এলাকার বাদশা মিয়া সড়কের আমান সিটি এলাকার নির্মাণাধীন ভবনের চারতলা থেকে কয়েকটি ইট ফয়সালের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি ওই ভবনের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

ফয়সালের বড় ভাই হুমায়ুন কবির কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, ফয়সাল সকালে বাসা থেকে ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। তিনি অবিবাহিত ছিলেন। গত শুক্রবার ডেমরার সানারপাড়ে ফয়সালের বিয়ের জন্য মেয়ে দেখা হয়েছিল। ঈদুল আজহার পর ওই মেয়ের সঙ্গে তাঁর বিয়ে হওয়ার কথা হয়েছিল। এর আগেই তাঁকে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো।

ফয়সালের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামে। তাঁর বাবার নাম জসীমউদ্দীন। চার ভাইয়ের মধ্যে তিনি ছোট ছিলেন।