দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে এই জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যাও। চলতি বছরের ছয় মাস এখনো পূর্ণ হয়নি। এর মধ্যে রোববার (২৫ জুন) পর্যন্ত ডেঙ্গুতে ৪৫ জনের মৃত্যু হয়েছে। গত বছর (২০২২) পুরো ছয় মাসে একজনের মৃত্যু হয়েছিল। আর এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৩৮ জন। গত বছর ছয় মাসে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৯।
জনস্বাস্থ্যবিদেরা বলছেন, এ বছর ডেঙ্গু পরিস্থিতি আগের বছরগুলোর তুলনায় মারাত্মক হতে পারে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর প্রস্তুতি নিতে হবে।
দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৩৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকায় ২৬৭ ও ঢাকার বাইরে ১৩২ জন।
বর্তমানে দেশে মোট ১ হাজার ৪৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে ১ হাজার ১১৭ জন ও ঢাকার বাইরে ৩৮১ জন রয়েছেন।
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ১৮ জুন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩০৫ জন। পরদিন ভর্তি হন ৩২২ জন। এরপর প্রতিদিন রোগী বেড়েছে। তবে শুক্রবার দেওয়া সরকারি তথ্যে দেখা যায়, রোগীর সংখ্যা কমে হয় ৪৬ জন। তবে সরকারি বিজ্ঞপ্তিতে সেদিন এ-ও বলা হয় যে শুক্রবার বেশির ভাগ হাসপাতাল তথ্য না দেওয়ায় প্রকৃত সংখ্যা দেওয়া যায়নি। পরের দিনের সঙ্গে তা যুক্ত করা হবে। পরদিন শনিবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয় ৫০০।
এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদুল আজহার ছুটিতে বাড়িতে যাওয়া। এতে ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা মুশতাক হোসেন। তিনি প্রথম রোববার আলোকে বলেন, ডেঙ্গু রোগী এবং মশার চলাচল বেড়ে যেতে পারে। কেউ হয়তো হালকা জ্বর নিয়েই ঢাকা ছাড়বেন, কিন্তু হয়তো তিনি আক্রান্ত হয়ে গেছেন।
এ পরিস্থিতি থেকে সুরক্ষায় দুটি পরামর্শ দেন মুশতাক হোসেন। এর একটি হলো, অসুস্থ ব্যক্তিদের নিয়ে ভ্রমণে বিরত থাকা। আর পরিবহনগুলোতে যথেষ্ট মাত্রায় মশার ওষুধ ছিটানো।
এ বছর ডেঙ্গুর ধরন (ভেরিয়েন্ট) ডেন-২-এ বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। সীমিতসংখ্যক নমুনা বিশ্লেষণে দেখা গেছে, ৬২ শতাংশ রোগী ডেঙ্গুর ধরন ডেন-২-এ আক্রান্ত হয়েছেন। বাকি ৩৮ শতাংশ আক্রান্ত হয়েছেন অন্য ধরন ডেন-৩-এ। আইইডিসিআর ডেঙ্গুর ধরন সম্পর্কে এ তথ্য জানিয়েছে।
দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা গেছেন গত বছর। ওই সময় ২৮১ জন মারা গেছেন। দেশে বড় আকারে প্রথম ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল ২০০০ সালে। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৯৩ জন। এরপর ডেঙ্গুর সবচেয়ে বড় প্রকোপ দেখা দেয় ২০১৯ সালে। ওই বছর মারা যান ১৭৯ জন। করোনা মহামারি শুরুর বছর, অর্থাৎ ২০২০ সালে মারা যান ৭ জন এবং পরের বছর মারা যান ১০৫ জন।
জনস্বাস্থ্যবিদ অধ্যাপক বে-নজীর আহমদ রোববার প্রথম আলোকে বলেন, ডেঙ্গু যে দেশে ঢোকে, সেখান থেকে বের হয় না। কিন্তু একে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু আমাদের দেশে দুই যুগের বেশি সময় ধরে এর নিয়ন্ত্রণে কোনো কাজ করা হয়নি। ২০০০ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিলেও এর নিয়ন্ত্রণে যথেষ্ট কার্যকর কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি।
ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক সদিচ্ছ, পরামর্শ দেন অধ্যাপক বে-নজীর। তাঁর কথা, এর পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে যথেষ্ট বরাদ্দ দিতে হবে এবং সেই সঙ্গে একটি সঠিক কর্মপরিকল্পনা থাকতে হবে।