আপাতদৃষ্টে যেগুলো ফেলনা, তুচ্ছ জিনিস, এমনকি জঞ্জাল বলে বিবেচিত, সেগুলোকেই উপকরণ হিসেবে ব্যবহার করে শিল্পের ভুবন সাজিয়েছেন শিল্পী সৈয়দ মোহাম্মদ জাকির। প্রদর্শনীর নাম দিয়েছেন ‘মায়া’। ২২ জুলাই রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়কের বেঙ্গল শিল্পালয়ের চতুর্থ তলায় শুরু হয়েছে তাঁর এই শিল্পকর্ম প্রদর্শনী।
প্রদর্শনীর কক্ষে প্রবেশ করলে দর্শকদের এক ভিন্ন রকম অভিজ্ঞতা হবে। দেয়ালে, মেঝেতে, ছাদ থেকে তার দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে শিল্পকর্ম। হরেক রকম দ্রব্যের সমন্বয়ে তৈরি বিচিত্র গড়নের এসব শিল্পকর্ম সচরাচর চোখে পড়ে না। কয়েকটি আঁকা ছবিও আছে। সেগুলোও কালি–কলম বা ব্রাশের টানের রেখাচিত্র। তবে এই প্রদর্শনীতে রকমারি উপকরণের ছোট–বড় স্থাপনাকর্মই বেশি।
সৈয়দ মোহাম্মদ জাকির ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগে পড়াশোনা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে খোলামেলা জায়গায় স্থাপনা, ভূমিসজ্জা, পারফর্মিং এসব ধারার শিল্পচর্চায় স্বচ্ছন্দ। জাতীয় চারুকলা প্রদর্শনী, এশিয়ান দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনীসহ বিভিন্ন দলবদ্ধ প্রদর্শনীতে তাঁর শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। ‘মায়া’ তার দ্বিতীয় একক শিল্পকলা প্রদর্শনী। চলবে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।
প্রদর্শনীতে স্থান পাওয়া বেশ কিছু শিল্পকর্ম দর্শকদের কাছে খুব চেনা লাগবে। যেমন রাস্তার পাশের চায়ের টং দোকান বা চাকা লাগানো চটপটির দোকান। পরিত্যক্ত দোকানগুলোকে শিল্পী তাঁর মূল আকৃতি ঠিক রেখে কিছু রং, বার্নিশ প্রভৃতি প্রয়োগ করেছেন, কিছু বাড়তি দ্রব্য যুক্ত করেছেন। গাছের কাণ্ড, শিকড়, ডালপালা শুকিয়ে তাতে বার্নিশ বা ঢালাই করে উপস্থাপন করেছেন। ব্যবহার করেছেন প্রচুর লোহালক্কড়, ধাতব ফলক। কাঠের টেবিল ও চেয়ারের মতো বিভিন্ন আসবাবের হাতল, পা, নারকেলগাছের শাখা, কংক্রিট ফলকসহ নানা ধরনের দ্রব্য। এসব জিনিস পরস্পরের সঙ্গে জুড়ে দিয়ে, পাশাপাশি সাজিয়ে, ছড়িয়ে দিয়ে, একত্রে গুছিয়ে আঁটি বেঁধে অনেক রকমের দৃশ্যগোচর আকৃতি ও অবয়ব নির্মাণ করেছেন সৈয়দ মোহাম্মদ জাকির।
অন্যদিকে শুকনা গাছপালা, শিকড়বাকড় ইঙ্গিত দেবে পরিবেশ বিপর্যয়ের। যার প্রতিক্রিয়া বহুভাবে পড়ছে জনজীবনে। দ্রুত সস্প্রসারিত নগরায়ণ, অনবরত মাথা তুলতে থাকা অগণিত বহুতল ভবন, গাছপালা উজাড় করা উন্নয়ন এসব কি সভ্যতাকে বিপর্যস্ত করে তুলবে শেষাবধি? কোনো এক বিধ্বস্ত নগরের কাল্পনিক দৃশ্যও শিল্পী গড়ে তুলেছেন নির্মাণসামগ্রী, বালু, ঢালাই এসবের মাধ্যমে। আর রেখাচিত্রগুলো করেছেন স্থাপনা কর্মগুলোর সঙ্গে সাযুজ্য রেখে। কোনো কোনো রেখাচিত্রে মূল স্থাপনা কর্মটির বিশেষ দিকটি আঁকা হয়েছে বড় করে। অন্যদিকে এসব বিধ্বস্ত, ভাঙাচোরা অবয়বগুলো বস্তুজগতের অনিত্যতার দিকটির প্রতিও আভাস দেবে দিয়ে যাবে। সব মিলিয়েই মায়া নামের এই প্রদর্শনী সবার চেনা পৃথিবী, দেশ, নগর, সমাজ, জগৎ-সংসার সম্পর্কে একটা অন্যরকম ভাবনা জাগাবে দর্শকদের মনে।