ধানমন্ডির সাতমসজিদ সড়কে গাছ কেটে উন্নয়ন বন্ধের দাবি

গাছ কেটে নতুন সড়ক বিভাজক তৈরি করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
ছবি: প্রথম আলো

রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ সড়কে গাছ কেটে নতুন করে সড়ক বিভাজক তৈরি করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বিষয়টি নিয়ে নানা মহলে ব্যাপক সমালোচনা হচ্ছে। পরিবেশবাদীরা বলছেন, প্রচণ্ড গরমে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এরপরও সিটি করপোরেশন গাছ কেটে উন্নয়নকাজ করছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দিবাগত রাতে গাছ কাটা শুরু হয়। এ সময় ৯৯৯ নম্বরে ফোন করে গাছ কাটা বন্ধ করতে পুলিশকে অনুরোধ জানান স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয়।

এর মাস দুয়েক আগে সাতমসজিদ সড়ক এলাকায় গাছ কেটে সড়ক বিভাজক তৈরির কাজ করছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের মুখে কয়েক দিন গাছ কাটা বন্ধ রেখেছিল সংস্থাটি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্র বলছে, বিভিন্ন এলাকায় সড়কের সৌন্দর্যবর্ধনে ৯ কোটি ৬২ লাখ টাকার একটি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে ধানমন্ডি এলাকার সাতমসজিদ সড়কেও সড়ক বিভাজকের উন্নয়নকাজ হচ্ছে। এই কাজ করতে গিয়ে সড়কে লাগানো পুরোনো গাছগুলো কেটে ফেলা হচ্ছে।

গাছ কাটার বিষয়ে বক্তব্য জানতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানকে মঙ্গলবার একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে সংস্থাটির প্রকৌশলীরা বলছেন, যে পরিকল্পনা নিয়ে সড়ক বিভাজকের কাজ করা হচ্ছে, তাতে গাছ কাটতে হবে। তা না হলে কাজ করা যাবে না। নতুন সড়ক বিভাজক তৈরির পর সেখানে নতুন করে গাছ লাগিয়ে দেওয়া হবে।

পুরোনো গাছ কেটে আবার নতুন গাছ লাগানোকে একধরনের বাণিজ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি প্রথম আলোকে বলেন, কিছুদিন আগে প্রচণ্ড গরমের পরও সিটি করপোরেশন গাছ কেটে উন্নয়নকাজ করছে। এটা অমানবিক ও বিবেকবুদ্ধিহীন কাজ।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গাছ কেন কাটতে হবে? সড়ক বিভাজকে সৌন্দর্য বর্ধন করতে হলে গাছ রেখেই কীভাবে কাজটি করা যায়, সেই পথ সিটি করপোরেশনকে খুঁজে বের করতে হবে।

সাতমসজিদ সড়কে গাছ কাটার প্রতিবাদে মঙ্গলবার রাত ১০টার দিকে ধানমন্ডির আবাহনী মাঠসংলগ্ন সড়কে মানববন্ধন করেছেন পরিবেশকর্মী ও স্থানীয় লোকজন।