ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীবাসীর নিরাপত্তা ও ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজ সোমবার দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ঈদ উপলক্ষে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। পশুর হাট, বাস টার্মিনাল, ব্যাংক, ঈদের জামাত এবং ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনের নির্ধারিত প্রতিটি পশুর হাটে দৃশ্যমান পুলিশের উপস্থিতির পাশাপাশি সাব-কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় জাল নোট শনাক্তকারী যন্ত্রও রাখা হয়েছে।
জাল নোট চক্র, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা ঠেকাতে ডিবিসহ সাদা পোশাকের পুলিশের বিশেষ দল ২৪ ঘণ্টা মোতায়েন রয়েছে উল্লেখ করে মোসলেহ উদ্দিন আহমদ বলেন, মানি এসকর্ট সেবা, অতিরিক্ত ভ্রাম্যমাণ দল, টহল ও তল্লাশিচৌকির (চেকপোস্ট) কার্যক্রম জোরদার করা হয়েছে। রাজধানীর প্রবেশমুখ গাবতলী, উত্তরা ও যাত্রাবাড়ীতে তল্লাশিচৌকি বসানো হয়েছে। পশুবাহী ট্রাক যাতে নির্ধারিত হাট ছাড়া অন্য কোথাও না নামানো হয়, সেদিকেও নজরদারি রয়েছে।
সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেলস্টেশনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী পরিবহন ঠেকাতে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন বলেও জানান ডিএমপি কমিশনার।