
রাজধানীর মিরপুর কলেজের দেয়ালধসে হতাহতের ঘটনায় রাজউক, গণপূর্ত অধিদপ্তর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রতিনিধিদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার মর্মান্তিক এ দুর্ঘটনার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান ডিএনসিসির প্রশাসক। তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার মিরপুরে টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর কলেজের একটি দেয়ালধসের ঘটনায় তিনজন নিহত হন। আহত হন কয়েকজন। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন।
ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ২০১৪ সালে নির্মিত দেয়ালটিতে প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়নি। আরসিসি (রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট) কাঠামোর পরিবর্তে শুধু ইটের গাঁথুনি দিয়ে দেয়াল নির্মাণ করা হয়েছিল। এটি দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।
ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বাকি দেয়ালগুলো প্রয়োজনীয়ভাবে শক্তিশালী ও নিরাপদ করা হবে বলে জানান ডিএনসিসির প্রশাসক।
আহত ব্যক্তিদের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, তাঁদের (আহত ব্যক্তিদের) আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আহত ব্যক্তিদের হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকালে সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।