কমলাপুরে এখন পর্যন্ত আরাম-আয়েশেই ট্রেনযাত্রা

রাজধানীর কমলাপুর স্টেশনে ঈদে এবার এখন পর্যন্ত স্বস্তিতেই ট্রেনে বাড়ি ফিরছেন মানুষ
ছবি: তানভীর আহাম্মেদ

রাজধানীর কমলাপুর স্টেশনে ঈদে এবার এখন পর্যন্ত স্বস্তিতেই ট্রেনে বাড়ি ফিরছেন মানুষ। স্টেশনে আসছেন, ফটকে টিকিট দেখাচ্ছেন, আরাম-আয়েশ করে ট্রেনে উঠছেন। ট্রেনও ছেড়ে যাচ্ছে নির্ধারিত সময়ের কয়েক মিনিটের মধ্যেই।

তবে যাঁরা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেননি, তাঁরা স্টেশনে টিকিট বিক্রির কাউন্টারে গিয়েও দাঁড়িয়ে যাওয়ার টিকিট পাচ্ছেন না। এসব যাত্রীকে ট্রেনে ওঠার আগেই জরিমানা গুনতে হচ্ছে। অর্থাৎ টিকিট না পেয়ে, টিকিট ছাড়া ভ্রমণ করলে যে জরিমানা গুনতে হয়, সেই জরিমানা দিয়ে টিকিট সংগ্রহ করছেন যাত্রীরা।

আজ মঙ্গলবার ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। সকালে কমলাপুর স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে ঢাকা ছাড়ার অপেক্ষায় ছিল জামালপুর এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটির তাপানুকূল খ বগির ভেতর কোনো যাত্রী দাঁড়ানো পাওয়া যায়নি। উল্টো কিছু আসন ফাঁকা ছিল। তাপানুকূল গ বগিতে অবশ্য কয়েকজন দাঁড়িয়ে ছিলেন।

ট্রেনে আজ সকাল পর্যন্ত খুব বেশি ভিড় দেখা যায়নি

একই দৃশ্য দেখা গেছে ট্রেনটির শোভন চেয়ার শ্রেণির চ এবং ঙ বগিতেও। ট্রেনের যাত্রী ইসলাম উদ্দিন বলেন, অনলাইনে টিকিট কেটেছি। প্রথমে একটু সমস্যা হয়েছিল। পরে আবার ঢুকে টিকিট কাটতে পেরেছি।

ইসলাম উদ্দিন আরও বলেন, ‘টিকিট কাটা থেকে স্টেশনে এসে ট্রেনে ওঠা পর্যন্ত কোনো ভোগান্তি হয়নি। তবে সংশয় ছিল স্টেশনের পরিবেশ আর ট্রেনে ওঠা নিয়ে। তাই সকাল আটটার মধ্যে স্টেশনে চলে এসেছিলাম। এখন ট্রেন সময়মতো ছাড়লেই হয়। পরে ট্রেনটি নির্ধারিত সময়ের ৭ মিনিট পরে ১০টা ৩৭ মিনিটে ছেড়ে যায়।

এরপর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের ৯ মিনিট পরে ১০টা ৫৪ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়। ট্রেনটির শোভন চেয়ার শ্রেণির ড এবং ঠ বগির ভেতরে কোনো যাত্রী দাঁড়িয়ে থাকতে দেখা যায়নি। এসি গ এবং ঘ বগিতে কিছু আসন ফাঁকা থাকতে দেখা গেছে।

এই ট্রেনের এসি গ বগির যাত্রী সোলায়মান রাহমান বলেন, এ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। অনলাইনে টিকিট কাটা, স্টেশনে টিকিট আর এনআইডি দেখিয়ে ভেতরে প্রবেশ এবং কোনো রকম যুদ্ধ ছাড়াই বগিতে প্রবেশ এবং আসনে বসা। সবকিছু অন্য রকম। রেল কর্তৃপক্ষ এটি সুস্থভাবে পরিচালনা করলে ঈদের সময় মানুষের যে অমানবিক ভোগান্তি, তা আর থাকবে না।

ভিড় কম নিয়ে এই ট্রেনের কর্মী বুলবুল আহমেদ বলেন, এখনো গার্মেন্টসগুলো ছুটি হয়নি। তাই ভিড় তেমন দেখা যাচ্ছে না। গার্মেন্টস ছুটি হলে ভিড় বেড়ে যাবে বলেও জানান তিনি।

বেলা ১১টা ১৮ মিনিটে ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন। নির্ধারিত সময়ের হিসাবে ট্রেনটির বিলম্ব ৩ মিনিট। যাত্রীদের কাছে ট্রেনের এই বিলম্ব গুনতির মধ্যেই পড়ে না। ট্রেনটি ছাড়ার মিনিট দুয়েক আগেও শোভন চেয়ার শ্রেণির জ এবং ঝ বগিতে অন্তত ১৩টি আসন ফাঁকা থাকতে দেখা গেছে। এরপর বেলা সাড়ে ১১টার অগ্নিবীণা এক্সপ্রেস ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় ৭ মিনিট পর। এই ট্রেনেও যাত্রীর চাপ ছিল না।

স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের পাশে বসে একটি বই পড়ছিলেন আজিজুল হক নামের একজন। তিনি নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়া থেকে এসেছেন। যাবেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।

আজিজুল হক প্রথম আলোকে বলেন, ‘আমার অ্যান্ড্রয়েড ফোন নেই, তাই অনলাইনের টিকিট কাটতে পারিনি। স্টেশনে তাই সকাল ১০টার মধ্যেই চলে আসি।’

তবে দাঁড়িয়ে যাত্রার টিকিটও আজিজুল হক পাননি জানিয়ে বলেন, কাউন্টারে দাঁড়িয়ে যাত্রার টিকিটও নেই বলল। পরে বাধ্য হয়ে জরিমানার টিকিট কেটেছি। ২০০ টাকা ভাড়ার জায়গায় ৩০০ টাকা দিয়ে কাটতে হচ্ছে। আর অপেক্ষা করতে হবে আড়াইটা পর্যন্ত। ভুলতায় তিনি একটি সিমেন্ট কারখানায় চাকরি করেন বলেও জানান।

অনলাইনে টিকিট কাটতে না পেরে বেলা আড়াইটার ট্রেন ধরতে বেলা ১১টার মধ্যেই স্টেশনে যান নজরুল ইসলাম। যাবেন পাবনার চাটমোহর এলাকায়। পরে লাইনে দাঁড়িয়ে আধা ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে তিনি সিল্ক সিটির একটি দাঁড়িয়ে ট্রেনযাত্রার টিকিট পান।

নজরুল ইসলাম বলেন, ‘মেয়ের জামাই অনলাইনে টিকিট কেটে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। শুনেছি টেকা নাকি কেটে নিয়ে গেছে কিন্তু টিকিট পায়নি। পরে নাকি টেকা ফেরত দিয়েছে।’ অনলাইনে টিকিট পাইলে সুবিধা হতো বলেও জানান তিনি।

কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার প্রথম আলোকে বলেন, ‘টিকিট বিক্রি সম্পূর্ণ অনলাইন করায় এখন পর্যন্ত যাত্রীরা আরামদায়কভাবে ঈদযাত্রা করতে পারছে। আজ এখনো কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি। সার্বিকভাবে আমাদের প্রস্তুতিও ভালো। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত ১৭টি ট্রেন ঢাকা ছেড়ে গেছে। প্রায় সব কটি ট্রেনে সুযোগ অনুযায়ী দু–একটি বাড়তি বগি যুক্ত করা হয়েছে।

জরিমানার টিকিট বিক্রির বিষয়ে মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, একটি এনআইডি দিয়ে চারটি টিকিট বিক্রি হয়। স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে মাত্র ২৫ শতাংশ। কিন্তু অনেকের পরিবারে সদস্য সংখ্যা পাঁচ থেকে ছয়জনও থাকে। সে ক্ষেত্রে জরিমানার টিকিট বিক্রি করা হচ্ছে।