
নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) জীবাণুমুক্তকরণ এবং শীতাতপনিয়ন্ত্রণ (এসি) যন্ত্রের কিছু কারিগরি সমস্যার কারণে রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ১১ দিন ধরে হৃদযন্ত্রের অস্ত্রোপচার (কার্ডিয়াক সার্জারি) হচ্ছে না।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আইসিইউ আংশিক চালু আছে। আর বাকিগুলো সচল করার কাজ চলছে। অস্ত্রোপচার শিগগিরই শুরু হবে।
আজ শুক্রবার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, কার্ডিয়াক সার্জারি ইউনিট সুনসান। ছুটির দিনে হলেও আইসিইউতে অস্ত্রোপচারের রোগী থাকলে তাঁদের স্বজনদের ইউনিটের বাইরে দেখা যায়। তবে আজ কাউকে দেখা গেল না। সেখানে কর্তব্যরত একজন আনসার সদস্য জানান, আইসিইউতে বর্তমানে রোগী আছেন একজন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের আগে থেকেই আইসিইউর এসি ঠিকমতো কাজ করছিল না; তাই অস্ত্রোপচার বন্ধ রাখা হয়েছে। কারণ, অস্ত্রোপচার করার পরপরই একজন রোগীকে কিছুদিন আইসিইউতে রাখতে হয়।
এই হাসপাতালে শয্যা আছে ১ হাজার ২৫০টি। হাসপাতালটিতে গড়ে দেড় হাজার করে রোগী ভর্তি থাকেন। হাসপাতালে কার্ডিয়াক সার্জারি ইউনিটে দিনে গড়ে সাতজন রোগীর অস্ত্রোপচার করা হয়।
ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান এ কে এম মনজুরুল আলম প্রথম আলোকে জানান, তাঁরা সর্বশেষ ১৭ এপ্রিল অস্ত্রোপচার করেন। নিয়মিত অস্ত্রোপচারের রোগী রাখার জন্য এসব আইসিইউ নির্দিষ্ট সময় পরপর জীবাণুমুক্ত করতে হয়, নাহলে ইনফেকশন বেড়ে যায়। এ প্রক্রিয়ার জন্যই তাঁরা ঈদের সময়কে বেছে নিয়েছেন।
এই চিকিৎসক জানান, আইসিইউ সম্পূর্ণ বন্ধ নেই। ৮–১০ শয্যার আইসিইউ চালু আছে। তবে ৪০ শয্যার আইসিইউ বন্ধ। সম্প্রতি প্রচণ্ড গরম পড়ায় এসিতে কিছুটা সমস্যা দেখা দেয়। এগুলো ঈদের ছুটিতে ঠিক করার কথা ছিল। কিন্তু এসি ঠিক না হওয়ায় অস্ত্রোপচার চালু হয়নি। খুব শিগগির চালু হবে বলে তিনি আশা করছেন।
জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটের পরিচালক মীর জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, এসি বন্ধ করে তাঁদের আইসিইউ জীবাণুমুক্ত ও পরিষ্কার–পরিচ্ছন্ন করতে হয়। ঈদের ছুটিতে তাঁরা এ কাজ করার জন্য সার্জারি বন্ধ রেখেছেন। আইসিইউতে কাজ চলছে। দু–তিন দিনের মধ্যে আবার অস্ত্রোপচার শুরু হবে।
এদিকে ঈদের ছুটি শেষ হলেও হাসপাতালে রোগী কম। কার্ডিয়াক সার্জারি ওয়ার্ডে কয়েক রোগীর স্বজনের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তাঁরা বললেন, দীর্ঘদিন ধরে হাসপাতালে রোগী নিয়ে আছেন তাঁরা। রোগীর শারীরিক অবস্থা (ফিটনেস), ভাল্ভ, অক্সিজেন পাওয়ার ওপর নির্ভর করে অস্ত্রোপচারের তারিখ ঠিক হয়। কেউ কেউ তিন–চার মাস ধরে আছেন।
মোংলা থেকে দুই মাস আগে হৃদ্রোগ ইনস্টিটিউটে এসেছেন ফিরোজ হাওলাদার। ১৭ এপ্রিল তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যে ঈদের ছুটি শুরু হবে বলে চিকিৎসকেরা তাঁকে ঈদের পর অস্ত্রোপচার করবেন বলে জানিয়েছিলেন।