ফায়ার সার্ভিসের সুপারিশ বাস্তবায়নে সর্বোচ্চ আইন ও শক্তির প্রয়োগ হবে: দুর্যোগ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান
ফাইল ছবি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, ঝুঁকিপূর্ণ মার্কেট নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জরিপ করে যে সুপারিশ দিয়েছে, তা বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ আইন ও শক্তি প্রয়োগ করা হবে। আজ সোমবার ঈদের ছুটি শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এনামুর রহমান মনে করেন, এখন ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সামর্থ্য বেড়েছে। উন্নত দেশের সঙ্গে পাল্লা দিয়ে এ সক্ষমতা বাড়ছে। বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন পর্যায়ের মানুষের সহায়তায় ছয় ঘণ্টায় আগুন নেভানো সম্ভব হয় বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

চলতি বছরের প্রথম তিন মাসে রাজধানীর ৫৮টি বিপণিবিতান পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের পর্যবেক্ষণ হচ্ছে, সব কটিই অগ্নিঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ৯টি বিপণিবিতান অগ্নিকাণ্ডের জন্য অতি ঝুঁকিপূর্ণ বলে মনে করে ফায়ার সার্ভিস। বাকি ৪৯টির মধ্যে ৩৫টি ঝুঁকিপূর্ণ এবং ১৪টি মাঝারি মাত্রায় ঝুঁকিপূর্ণ।

রাজধানীর যে ৯টি বিপণিবিতানকে ফায়ার সার্ভিস অতি ঝুঁকিপূর্ণ বলছে, তার মধ্যে রয়েছে গাউছিয়া মার্কেট, ফুলবাড়িয়ার বরিশাল প্লাজা মার্কেট, টিকাটুলীর রাজধানী নিউ রাজধানী সুপার মার্কেট, লালবাগের আলাউদ্দিন মার্কেট, চকবাজারের শাকিল আনোয়ার টাওয়ার ও শহীদ উল্লাহ মার্কেট, সদরঘাটের শরীফ মার্কেট ও মাশা কাটারা ২২ মার্কেট এবং সিদ্দিকবাজারের রোজ নীল তিস্তা মার্কেট।

১৬ এপ্রিল ফায়ার সার্ভিস পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম সংবাদ সম্মেলন করে এ তালিকা প্রকাশ করেছেন।