অবৈধ বাস কাউন্টার উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়, ১৩ এপ্রিল
অবৈধ বাস কাউন্টার উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়, ১৩ এপ্রিল

সায়েদাবাদ-মাওয়া সড়কে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ, ৩১টি সিলগালা

রাজধানীর সায়েদাবাদের জনপথ মোড় ও যাত্রাবাড়ীর মাওয়া সড়ক এলাকায় অবৈধ বাস কাউন্টার উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় ৩১টি কাউন্টার সিলগালা করা হয়েছে।

সোমবার ডিএসসিসির বিশেষ এ অভিযান পরিচালনায় সহায়তা দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগ।

ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পূর্বঘোষিত নোটিশ অনুযায়ী টার্মিনালের বাইরে সড়কের পাশে থাকা সব অবৈধ টিকিট কাউন্টার বন্ধ ও অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অংশ হিসেবে সায়েদাবাদের জনপথ মোড় ও যাত্রাবাড়ীর মাওয়া রোডের মোড়ে অভিযান চালিয়ে অবৈধ ৩১টি বাস কাউন্টার সিলগালা করা হয়।

ডিএমপি আরও জানিয়েছে, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।