
‘আপনার বেবিরা ভালো আছে। ঠিকমতো খাওয়াদাওয়া ও খেলাধুলা করছে’—একটি ফোন আসতেই রিসিভ করে কথাগুলো বলছিলেন ফারিঘর আবাসিক হোটেলের ব্যবস্থাপক তোয়া নূর রাহা। ওই পাশ থেকে আবার জানতে চাওয়া হলো, কেউ বকা দেয়নি তো? আশ্বস্ত করে রাহা জানালেন, এখানে কেউ বকা দেয় না; আপনি চিন্তা করবেন না।
ঘটনাটি গতকাল শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে ফারিঘর আবাসিক হোটেলের। না, এখানে বেবি বলতে শিশু সন্তান নয়, পোষ্য প্রাণীর কথাই বলা হয়েছে। ঈদে এই আবাসিক হোটেলে রেখে যাওয়া পোষ্য কুকুর ও বিড়ালের খোঁজখবর নিতেই ফোন করেছিলেন তিনি।
শুধু এই মালিকই নন, কালা জাহাঙ্গীর, লিও, রিও, নিমকি, পান্ডাসহ ২৮টি বিড়াল আর রোলো মাফিন, স্ট্রমি, গুচি, লেক্সাসহ নয়টি কুকুরের মালিক ঈদের ছুটিতে ঢাকা বা দেশের বাইরে গেছেন। যাওয়ার আগে পোষ্যগুলোকে এই হোটেলে রেখে যান। মালিক ছাড়া হোটেলেই ঈদ কেটেছে এসব পোষ্যের। সেখানেই থাকতে হবে মালিক না ফেরা পর্যন্ত।
হোটেলটি দিন দিন আন্তর্জাতিক হয়ে উঠছেও বলা চলে। কারণ, পোষ্যগুলোর মধ্যে বিদেশি কুকুর–বিড়ালও আছে। জানা গেল, এই পোষ্যগুলোর সঙ্গে হোটেলের কর্মীদের ইংরেজিতে কথা বলতে হয়, বাংলায় কথা বললে বোঝে না।
গতকাল দুপুরে হোটেলটিতে গিয়ে জানা গেল, বিড়াল নিমকির মালিক ভারতের নাগরিক। পিচশি ও হায়েনজির মালিকের দেশ তুরস্ক। তানজানিয়ার নাগরিকের বিড়াল চুই। কুকুর মায়ার মালিক কোরিয়া আর ফেলুডির মালিক ভারতের নাগরিক।
হোটেলের এই অতিথিরা অবশ্য ঈদের দিন সেমাই বা মাংস খাওয়ার সুযোগ পায়নি। মালিকেরা নির্ধারিত যে খাবার রেখে গেছেন, রুটিন অনুযায়ী তা–ই খেতে হয়েছে।
এই পোষ্য অতিথিরা স্বল্প বা দীর্ঘ সময়ের জন্য হোটেলটিতে থাকে। স্বল্প সময় হলে কেবিন থেকে বের হওয়ার সুযোগ কম পায়। খামচি দেওয়ার অভ্যাস থাকলে বা রাগ বেশি হলে বের হওয়ার সুযোগ কম।
তবে স্বভাব শান্তশিষ্ট হলে কেবিনের বাইরে যাওয়া, ছাদে ঘুরতে যাওয়ার সুযোগ আছে। এমনকি পোষ্য কুকুরগুলো ছাদের সুইমিংপুলে সাঁতার কাটারও সুযোগ পায়।
হোটেলের কেয়ারগিভার সুরুজ মিয়াকে দেখা গেল রোলো মাফিনকে নিয়ে রীতিমতো হিমশিম খেতে। বৃষ্টি পুরোপুরি থামলে সুরুজ মিয়া রোলোকে নিয়ে ছুটলেন ছাদে। সেখানে কিছুক্ষণ দৌড়ঝাঁপ করার পর সুইমিংপুলেও নামল রোলো। তবে বৃষ্টির দিন যদি ঠান্ডা লেগে যায়, তাই পানিতে থাকার জন্য রোলোর আবদার বেশিক্ষণ রাখতে পারলেন না সুরুজ ও রাহা।
হোটেলটির যাত্রা শুরু গত বছরের ২২ ফেব্রুয়ারি। নানা প্রয়োজনে ঢাকার বাইরে গেলে পোষ্য নিয়ে বিড়ম্বনায় পড়েন পশুপ্রেমীরা। এসব ভেবে রাজধানীতে খোলা হয় এই আবাসিক হোটেল। এতে কুকুর, বিড়াল রাখা হয় আলাদা কেবিনে। বিড়ালের জন্য দিনে ৭০০ টাকা আর কুকুরের জন্য দেড় হাজার টাকা গুনতে হয়।
কুকুর-বিড়ালের মালিক খাবার সঙ্গে করে দিয়ে দেন। হোটেলের কর্মীরা তা নিয়ম করে খাওয়ান। দীর্ঘদিন থাকলে বা কোনো মালিক একাধিক পোষ্য রাখলে ভাড়ার ক্ষেত্রে কিছু ছাড় পান। বিদেশি মালিকের পোষ্যের জন্যও একই ভাড়া প্রযোজ্য।
এসব পোষ্যর সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য হোটেল ভবনটির ছাদটিও ভাড়া নেওয়া হয়েছে। সেখানে কৃত্রিম ঘাসে কুকুর ও বিড়ালগুলো খেলার ও হাঁটার সুযোগ পাচ্ছে। ছাদেই বানানো হয়েছে ছোট্ট একটি সুইমিংপুলও।
হোটেলে কেবিনের বাইরে বিভিন্ন সময় উদ্ধার করা ১৭টি বিড়ালও আছে। এগুলো অবশ্য স্বাধীনভাবেই চলাচল করে। লাড্ডুকে দেখা গেল ফ্রিজের ওপরে বসে আছে। হিটলারের মেজাজ কোনো কারণে বিগড়েছে। তাই সুযোগ পেলেই অন্য বিড়ালকে খামচি দিচ্ছে।
একসময় হোটেলের ব্যবস্থাপক রাহাকে নিজের চেয়ার ছেড়ে দিতে হলো। সেখানে একসঙ্গে ঘুমিয়েছিল চারটি বিড়াল। ঘূর্ণিঝড় মোখার পরদিন একটি বিড়ালকে মিরপুর থেকে উদ্ধার করা হয়। নামও দেওয়া হয়েছে মোখা। অবশ্য ভাবসাবও ঘূর্ণিঝড়ের মতোই। মাঝেমধ্যে হিটলার বা বনানীর সঙ্গে বন্ধুত্ব হয়, নয়তো ঝগড়াঝাঁটি লেগেই থাকে।
হোটেলে পোষ্য রাখার বিভিন্ন শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে টিকা দেওয়া থাকতে হবে। এ শর্ত মানুষকে পোষা প্রাণীর টিকার বিষয়টিতেও সচেতন করছে। মালিকের ভোটার পরিচয়পত্রের ফটোকপি, জরুরি যোগাযোগের নম্বর রাখাসহ বিভিন্ন সতর্কতাও মানা হচ্ছে।
ফারিঘরের সঙ্গে লাগোয়া আরেকটি ব্যবসায়িক উদ্যোগ হিসেবে ‘প্যাট এ পেট ক্যাফে’ চালু হয়েছে। এখানে লোকজনের জন্য মজার খাবারের পাশাপাশি গানবাজনাসহ নানান আয়োজন থাকে। পোষ্যপ্রেমীরা এখানে আসেন। অনেকে পরিবারের ছোট সদস্যদের নিয়ে আসেন।
ক্যাফেতে আসা মানুষ অবশ্য হোটেলের ভেতরে ঢুকে অতিথিদের দেখতে পারেন না। তবে হিটলার, বনানীর সঙ্গে খাতির জমিয়ে সেলফি তোলার সুযোগ রয়েছে।
এই ক্যাফেরও সহপ্রতিষ্ঠাতা রাকিবুল হক। তিনি জানালেন, ক্যাফে ভালোই চলছে। ক্যাফে পুরোপুরি আলাদা ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। পোষ্যপ্রেমীরা খেতে খেতে চাইলে বনানী বা হিটলারকে কোলেও নিতে পারেন।