দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একই সঙ্গে দুজন কমিশনার নিয়োগ পেয়েছেন। তাঁরা হলেন জাহাঙ্গীর আলম খান ও মো. সাজ্জাদ হোসেন ভূইয়া।

আজ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দুদকের চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতির সমান এবং কমিশনাররা হাইকোর্টের বিচারপতির সমান বেতন–ভাতা ও পদমর্যাদা পাবেন।

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান গত বছরের ২৫ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। গত ২৮ ফেব্রুয়ারি অবসরে যান তিনি।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের জন্ম ১৯৫৯ সালের ১ মার্চ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। ১৯৮৩ সালে তিনি জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮৫ সালে হাইকোর্ট বিভাগের এবং ২০০১ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। ২০০৫ সালের ২৭ আগস্ট হাইকোর্টের বিচারপতি হিসেবে স্থায়ী হন তিনি।