কাউন্সিলরের নামে মামলার দুই দিন পর প্রত্যাহারের আবেদন বাদীর

ভ্রাম্যমাণ দোকানি অপু প্রধানকে গত বুধবার মারধর করা হয়
ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামে কাউন্সিলর জহুরুল আলম ওরফে জসিমের মামলা করার দুই দিন পরই হলফনামা দিয়ে অভিযোগ প্রত্যাহারের আবেদন করেছেন মারধরের শিকার দোকানি অপু প্রধান। আজ রোববার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে বিবাদীর উপস্থিতিতে মামলা প্রত্যাহারের আবেদন করেন।

গত বৃহস্পতিবার রাতে আকবরশাহ থানায় অপু প্রধান মামলাটি করেছিলেন। এতে প্রধান আসামি করা হয় উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জহুরুল আলমকে। এ ছাড়া জহুরুলের অনুসারী ছয়–সাতজনকে অজ্ঞাত আসামি করা হয়েছিল।

এর আগে গত বুধবার ফিরোজশাহ কলোনির এইচ ব্লক মোড়ে প্রকাশ্যে জহুরুল ভাসমান দোকানি অপুকে চড়থাপ্পড় ও লাথি মারেন। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ অপুকে উদ্ধার করে। অপু ফিরোজশাহ এলাকায় লটারির মাধ্যমে বিভিন্ন পণ্য বিক্রি করতেন। চাঁদা না দেওয়ায় ‘জুয়াখেলার বোর্ড বসিয়েছে’ অভিযোগ এনে তাঁকে মারধর করা হয় বলে এজাহারে উল্লেখ করেছিলেন অপু।

মামলা করার আগে অপু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা ও চিকিৎসাসনদ গ্রহণ করেন। মামলা করার পর থেকে তাঁর মুঠোফোন নম্বর বন্ধ ছিল। এ ছাড়া ফিরোজশাহ কলোনি এলাকার ভাড়া বাসায়ও ছিলেন না অপু।

আজ আদালতে উপস্থিত হয়ে অপু লিখিত যে আবেদন করেন, তাতে বলেন, পুলিশ মিথ্যা বলে মুচলেকাতে স্বাক্ষর নেওয়ার কথা বলে এজাহারে স্বাক্ষর নিয়ে মামলাটি রুজু করেছেন। তিনি স্বেচ্ছায় নোটারির মাধ্যমে হলফনামা প্রদান করে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন।

পঞ্চগড়ের স্থায়ী বাসিন্দা অপু হলফনামায় দাবি করেছেন, বুধবার স্থানীয় লোকজনের মারধর থেকে তাঁকে রক্ষার জন্য কাউন্সিলর জহুরুল অপুকে চড়থাপ্পড়, কিলঘুষি মেরে, বকাঝকা করে উত্তেজিত লোকজনকে শান্ত করেছেন।

জানতে চাইলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, বাদী হলফনামা দিলেও মামলা যথানিয়মে চলবে। পুলিশ প্রতিবেদন আসার পর আদালত পরবর্তী করণীয় ঠিক করবেন। তদন্তে পুলিশ যা পাবে, তাই প্রতিবেদন দেবে।

এ বিষয়ে বক্তব্য জানতে অপুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।