
চট্টগ্রাম থেকে ঈদযাত্রার প্রথম দিনে কিছুটা ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৫টি ট্রেনের মধ্যে ২টি ট্রেন ছেড়েছে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে।
আজ থেকে ট্রেনের ঈদযাত্রা শুরু। প্রথম দিন পাঁচটি ট্রেন স্টেশন ছেড়েছে। এর মধ্যে দুটি ট্রেন ছেড়েছে দেরিতে। এগুলো হচ্ছে—সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ও ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস।
গতকাল রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী একটি ট্রেনকে পেছন দিক থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। এ দুর্ঘটনায় যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে যাত্রীবাহী ট্রেনের প্রায় ৫০ জন যাত্রী আহত হন। এই দুর্ঘটনার কারণে ট্রেনের যাত্রা বিলম্বিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রাম স্টেশন থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস সকাল ৭টা ২০ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু দেড় ঘণ্টা দেরিতে ৮টা ৫০ মিনিটে এই ট্রেন যাত্রী নিয়ে স্টেশন ছেড়েছে। আর ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস সকাল ৯টার পরিবর্তে স্টেশন ছাড়ে সকাল পৌনে ১০টায়।
পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রী কলেজছাত্র মোহাম্মদ নাইম বলেন, ট্রেনে বাড়ি যাওয়ার জন্য সকাল সকাল স্টেশনে চলে এসেছিলেন। কিন্তু নির্ধারিত সময়েও ট্রেন আসেনি। এখন অপেক্ষা করতে হচ্ছে।
মোস্তফা কামাল ভূঁইয়া নামের আরেক যাত্রী বলেন, ট্রেন যাতে মিস না হয় সে জন্য এক ঘণ্টা আগে স্টেশনে চলে আসেন। কিন্তু ঠিক সময়েও ট্রেন আসেনি। গরমের মধ্যে স্টেশনে বসে থাকতে কষ্ট হচ্ছে।
বিশ্ববিদ্যালয়পড়ুয়া স্ত্রীকে চট্টগ্রাম থেকে নিতে এসেছিলেন রাকিবুল হাসান। ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের এই যাত্রী বলেন, ৯টার ট্রেন যে কয়টায় ছাড়ে, তা বুঝতে পারছেন না তিনি। যে গরম পড়ছে, তাতে স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষা করতে কষ্ট হচ্ছে। কেন দেরি হচ্ছে, তার কারণও বলছেন না কেউ।
রেলওয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এই কারণে ট্রেন চলাচলে একটু বিলম্ব হচ্ছে।
তবে চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, স্টেশনের পাঁচটি ট্রেনের মধ্যে তিনটি নির্ধারিত সময়ে স্টেশন ছেড়েছে। দুটির দেরি হয়েছে। এর মধ্যে পাহাড়িকা এক্সপ্রেস সিলেট থেকে চট্টগ্রামে আসতে দেরি করেছে। এ জন্য চট্টগ্রাম থেকে দেরিতে ছাড়তে হয়েছে। আর বিজয় এক্সপ্রেসের পরিচ্ছন্নতা কাজের জন্য সময় লেগেছে।
ঈদযাত্রায় রেলস্টেশনে প্রথম দিন যাত্রীদের তেমন চাপ ছিল না। এবার চট্টগ্রাম থেকে ১০টি নিয়মিত আন্তনগর ট্রেনের পাশাপাশি ৩টি বিশেষ ট্রেন চলাচল করবে। এসব ট্রেনে আসন রয়েছে সাড়ে আট হাজার।
তবে প্রথম দিন মোট টিকিটের ৮০ শতাংশ বিক্রি হয়েছে বলে জানান স্টেশনমাস্টার আবু জাফর। তিনি বলেন, প্রথম দিন ভিড় কম থাকে, তবে আগামীকাল মঙ্গলবার থেকে ভিড় শুরু হবে। ঈদের আগের দিন পর্যন্ত তা থাকবে।