নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদ ভবনের পাশ থেকে আট মাদক ক্রেতা-বিক্রেতাকে হাতেনাতে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে আটক করার পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সিংড়া থানা সূত্রে জানা যায়, সকালে হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদ ভবনের পাশে শহিদুল নামের এক ব্যক্তি হেরোইন ও ইয়াবা বড়ি বিক্রি করছিল। আর প্রশান্ত কর্মকার, বরকত আলী, আজাহার আলী, জামসেদ আলী, বুলু হোসেন, লোকমান হোসেন ও হাসমত আলী কিনছিল। খবর পেয়ে সিংড়া থানার উপপরিদর্শক প্রদীপ কুমার সেখানে হানা দিয়ে ১১টি ইয়াবা বড়ি, ছয় পুরিয়া হেরোইনসহ তাদের আটক করে থানায় নিয়ে যায়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মণ্ডল বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।