রাজধানীর খিলগাঁওয়ের সি ব্লকে সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল কাশেম আলীর বাসা থেকে গতকাল সোমবার রাতে ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে খিলগাঁও থানার পুলিশ। পুলিশ জানায়, এ সময় তিনজনকে আটক করা হয়। তাঁরা হলেন কাশেমের স্ত্রী সুমি, সাময়িক বরখাস্ত হওয়া আরেক কনস্টেবল আফসার উদ্দিন এবং ফজলুর রহমান। তবে কাশেম পলাতক। রাত ১০টার দিকে পুলিশ এ অভিযান চালায়। পুলিশ জানায়, সাময়িক বরখাস্ত হওয়া ওই দুই কনস্টেবলকে আগেও ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছিল। এ কারণে সাময়িক বরখাস্ত করে তাঁদের বিরুদ্ধে মামলা হয়।