অভ্যন্তরীণ বিরোধের জের ধরে নাটোরের নলডাঙ্গা উপজেলায় গত সোমবার আওয়ামী লীগের এক নেতার পা ভেঙে দিয়েছেন যুবলীগের কয়েকজন কর্মী। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পিপরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কলিম উদ্দিন পাটুল-হাপানিয়া স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। এ সময় ওই কলেজের সামনের রাস্তায় পিপরুল ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেনের ভাই যুবলীগ কর্মী আফজাল হোসেন ও তাঁর সমর্থকদের সঙ্গে কলিমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আফজালের সমর্থকেরা কলিমকে লাঠি দিয়ে পিটিয়ে তাঁর ডান পা ভেঙে দেন।