ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের রাজধারীকেল গ্রামে গতকাল শনিবার চাচাতো ভাইয়ের মারধরে আজমত আলী (৭৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, আজমত আলীর সঙ্গে তাঁর চাচাতো ভাই সাবির উদ্দিনের জমি নিয়ে বিরোধ ছিল। গতকাল দুপুরে বিরোধপূর্ণ জমিতে আজমত আলী খুঁটি গাড়তে গেলে সাবির উদ্দিন বাধা দেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সাবিরের এলোপাতাড়ি কিল-ঘুষিতে ঘটনাস্থলেই আজমাত মারা যান। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ মোল্লা বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।