
চাঁদপুর সদর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রী গতকাল শনিবার সন্ধ্যায় গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে স্থানীয় লোকজন রহিম খান (২৩) নামের এক তরুণকে আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের কাছে হস্তান্তর করে।
স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান বলেন, ছাত্রীকে সন্ধ্যায় ঘরের বাইরে একা পেয়ে শামীম মুখ চেপে বাগানে নিয়ে যান। ওই ছাত্রী অভিযোগ করেছে যে শামীমসহ তিনজন তাঁকে ধর্ষণ করেন। মোবাইলে ভিডিও করা হচ্ছিল বলে তার অভিযোগ। ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে রহিমকে ধরে ফেলেন। বাকি দুজন পালিয়ে যান। ইউপি চেয়ারম্যান রাতেই রহিম ও ওই ছাত্রীকে নিয়ে চাঁদপুর মডেল থানায় যান।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন আজ রোববার বলেন, ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।