হারবাল চিকিৎসার নামে প্রতারণার দায়ে পাবনার চাটমোহর উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় মাদ্রাজ হারবাল মেডিকেল নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চিকিৎসককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান এ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত চিকিৎসকের নাম আরমান হোসেন (৩৮)। তাঁর বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার রাজারচর গ্রামে।
মিজানুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে ওই ব্যক্তি হারবাল চিকিৎসার নামে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে প্রতারণা করে আসছিলেন। মাদ্রাজ হারবাল মেডিকেল নামে তিনি যে প্রতিষ্ঠানটি চালাতেন তার কোনো অনুমোদন নেই। তিনি যে ওষুধ বিক্রি করতেন, তাও অনুমোদিত। অভিযানে ভ্রাম্যমাণ আদালত ঘটনার সত্যতা পান। পরে আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ওই ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, আদালত পরিচালনার শেষে বিকেলেই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটিও বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, বেশ কিছুদিন আগে ওই ব্যক্তি চাটমোহর বাসস্ট্যান্ড এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলা ভাড়া নেন। তিনি শুরু থেকেই নিজেকে হারবাল চিকিৎসক বলে পরিচয় দিতেন। একপর্যায়ে মাদ্রাজ হারবাল মেডিকেল নামে ওই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। গ্রামের মানুষ কিছুটা কম শিক্ষিত হওয়ায় তিনি তাঁদের বিভিন্নভাবে প্রতারিত করতেন। তাঁদের সরলতার সুযোগ নিয়ে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছেন আরমান হোসেন।