জামালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রাধানগর গ্রামে গতকাল রোববার সালিস বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে এমরান হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার রাধানগর গ্রামের ইসরাইল হোসেন ও জুলহাস মিয়ার মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে গতকাল রাতে স্থানীয় ইউপি সদস্য মোছাব্বির আলীর বাড়িতে সালিসে বসেন দুই পক্ষের লোকজন। একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি। এরপর সংঘর্ষ শুরু হয়। এতে ছয়জন আহত হন। তাঁদের সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে এমরানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।