গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় গত বৃহস্পতিবার রাতে ছুরিকাঘাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র গুরুতর আহত হয়েছেন।
আহত মো. সাব্বির হোসেন ঢাকার সোনারগাঁও ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ সেমিস্টারের ছাত্র।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাব্বির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি টঙ্গীর চেরাগআলী এলাকার একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করেন। তাঁদের বাসা টঙ্গীর উত্তর আউচপাড়ায়। গত বৃহস্পতিবার সাড়ে আটটার দিকে টঙ্গীর এরশাদনগর উড়ালসড়কের নিচে তিনি দু-তিনজন ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা সাব্বিরের পকেট থেকে টাকা-মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা সাব্বিরের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, রিকশাভাড়া নিয়ে কথা-কাটাকাটির জের ধরে ওই ঘটনা ঘটেছে।