চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় চতুর্থ শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় মো. বাদশা মিয়া (২২) নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। আলমডাঙ্গা আমলি আদালতের বিচারিক হাকিম পাপিয়া নাগ আজ রোববার দুপুরে এ আদেশ দেন।
আলমডাঙ্গা থানা-পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শিশুটি শুক্রবার বিকেলে বাড়িতে পালা রাজহাঁসের জন্য ঘাস আনতে গিয়ে নিখোঁজ হয়। পরে এলাকাবাসী গ্রামের একটি ভুট্টাখেত থেকে অচেতন ও হাত-পা বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। উদ্ধারের পর শিশুটি বারবার মূর্ছা যেতে থাকলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জ্ঞান ফেরার পর শিশুটি অভিভাবক ও পুলিশকে জানায়, বাদশা তাকে ভুট্টাখেতে নিয়ে গিয়েছিল। শিশুটির বর্ণনা শুনে আলমডাঙ্গা থানা-পুলিশ শুক্রবার রাতেই বাদশা মিয়াকে আটক করে থানা হাজতে রাখে ।
শিশুটির বাবা বাদী হয়ে গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গা থানায় বাদশাকে একমাত্র আসামি করে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন।
এদিকে গতকালই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। আবাসিক চিকিৎসা কর্মকর্তা শামীম কবীর জানান, পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।