মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় ‘মিরকাদিম এমএনএস ফিশিং নেট কারখানা লি.’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার চারজন কর্মচারীকে আটক করে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিচ্ছিন্ন করা হয় কারখানার বিদ্যুৎ-সংযোগ। গত সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম আবদুল্লাহ আল-মামুন এই অভিযান পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত চারজন হলেন মো. জুয়েল, মো. ইরফান গাজী, মো. দুল্লাল ও মো. আতিকুল। উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাজাদা খসরু বলেন, পরে ওই জাল পুড়িয়ে ফেলা হয়।