নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকার একটি তৈরি পোশাক কারখানার এক পোশাকশ্রমিককে ধর্ষণের ঘটনায় গত শুক্রবার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কাঁচপুর এলাকার পোশাক কারখানার ওই পোশাককর্মী কাজ শেষে গত বুধবার রাতে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার সনমান্দি ইউনিয়নের লেদামদী গ্রামের সড়কের পাশের একটি বাড়িতে নিয়ে তাঁর হাত-পা বেঁধে ধর্ষণ করেন স্থানীয় মামুর্দী গ্রামের জাকারিয়া মিয়া ও লেদামদী গ্রামের আবু দাইয়ান। এ ঘটনায় শুক্রবার রাতে মামলা হওয়ার পর জাকারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, জাকারিয়াকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া মামলার অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।