শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩০ জনকে আটক করেছে নেত্রকোনার কেন্দুয়া থানার পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে কেন্দুয়া পৌর শহরের শামীম আহমেদ নামের এক ব্যক্তির বাসা থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী। চক্রটির প্রধান মুন্নাফকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, আটক ৩০ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। তাৎক্ষণিকভাবে মুন্নাফ ও বুলবুল ছাড়া কারও নাম-পরিচয় জানা যায়নি। আটক করা ব্যক্তিদের থানা-পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটক করার সময় তাঁদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন ও প্রশ্নপত্র জব্দ করা হয়। তাঁরা ওই ডিভাইসের মাধ্যমে প্রশ্নের উত্তর পরীক্ষার্থীদের সরবরাহ করছিলেন।