ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামে আজ মঙ্গলবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে চান মিয়া (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বলেন, বাড়ির সীমানা নিয়ে কচুয়া গ্রামের আক্কাস আলীর (৬৫) সঙ্গে তাঁর প্রতিবেশী শুক্কুর আলীর (৫৫) বিরোধ চলছিল। এ নিয়ে আজ বিকেল পাঁচটার দিকে উভয় পরিবারের লোকজন ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে একই গ্রামের চান মিয়াসহ কয়েকজন লোক সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে যান। এ সময় চান মিয়ার মাথায় ইটের আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
চাতলপাড় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফজলুল হক বলেন, লাশ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনার পর আক্কাস আলী ও শুক্কুর আলীসহ তাঁদের পরিবারের লোকজন পালিয়েছেন। আগামীকাল বুধবার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলা হবে।