বখাটেদের হামলায় আহত চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দী গ্রামের রুহুল আমীন (১৭) গত শুক্রবার রাত আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। গত বুধবার চার-পাঁচজন বখাটে তরুণ পূর্ববিরোধের জের ধরে তার ওপর হামলা চালায়।
রুহুল আমীন উপজেলার রূপসী পল্লী এলাকায় একটি মৎস্য খামারে পাহারাদারের কাজ করত। তার বাবার নাম মো. মোতালেব। পুলিশ এ ঘটনায় শুক্রবার মেহেদী হাসান নামের এক স্কুলছাত্র এবং তার বাবা মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে। তারা শহরের টিঅ্যান্ডটি এলাকার বাসিন্দা।
মতলব দক্ষিণ থানার ওসি কবির হোসেন বলেন, এ ঘটনায় নিহত রুহুলের মা মিনারা বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে শুক্রবার থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।