নীলফামারীর সৈয়দপুরে ২৬৮টি ইয়াবা বড়িসহ মো. রাব্বী (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সৈয়দপুর শহরের ইসলামবাগ মহল্লায় অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাতে তাঁকে আটক করেন র্যাব-১৩-এর সদস্যরা। গতকালই তাঁকে আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে। আটক ব্যক্তি ওই এলাকার সোলায়মানের ছেলে। পুলিশ জানায়, র্যাব-১৩, সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসাইন গোপন খবরের ভিত্তিতে র্যাবের একটি দল নিয়ে অভিযান চালিয়ে অটোরিকশায় ইয়াবার একটি চালান নিয়ে যাওয়া রাব্বীকে আটক করেন। পরে র্যাব এ ব্যাপারে মামলা দায়ের করে আটক রাব্বীকে সৈয়দপুর থানার পুলিশে সোপর্দ করে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।