রাজশাহী জেলা জামায়াতের আমির আবদুল খালেক ও গোদাগাড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুজনই নাশকতার মামলার আসামি।
গতকাল শুক্রবার গভীর রাতে ও আজ শনিবার দুপুরে গোদাগাড়ী থানার পুলিশ এই দুজনকে গ্রেপ্তার করে। তাদের আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আবদুল খালেকের বাড়ি গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি এলাকায় ও রবিউল ইসলামের বাড়ি একই উপজেলার শ্রীমন্তপুর এলাকায়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদের ভাষ্য, জামায়াত-শিবিরের এই দুই নেতার নামে নাশকতার দুটি মামলা রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গতকাল রাত আড়াইটার দিকে রবিউল ইসলামকে শ্রীমন্তপুর এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আর জেলা জামায়াতের আমির আবদুল খালেককে আজ বেলা দেড়টার দিকে উপজেলার রেলগেট বাইপাস সড়ক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।