স্ত্রীর চোখে ঘুষি মেরে কারাগারে

নারী নির্যাতন। প্রতীকী ছবি
নারী নির্যাতন। প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ত্রীর চোখে ঘুষি মেরে অবশেষে কারাগারে গেলেন অভিযুক্ত স্বামী খান মোহাম্মদ ইয়ামিন (৩০)। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করে পুলিশ। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ইয়ামিনের মারধরে চোখে গুরুতর আঘাত পাওয়া তাঁর স্ত্রী আয়েশা আক্তারকে (২৬) গতকাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চোখ ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে তিনি আঘাত পেয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (অভিযান) জাব্বারুল ইসলাম বলেন, গত সোমবার সীতাকুণ্ডের সলিমপুরের সিডিএ আবাসিক এলাকায় পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে। গত মঙ্গলবার সকালে আহত গৃহবধূ আয়েশাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরদিন বুধবার সন্ধ্যায় নির্যাতিত আয়েশা আক্তার সীতাকুণ্ড থানায় স্বামী ইয়ামিনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার সূত্র ধরে সেদিনই ইয়ামিনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে চোখের অবস্থার অবনতি হওয়া আয়েশাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, আয়েশা-ইয়ামিন দম্পতি সলিমপুর সিডিএ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তাঁদের চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে।