ফরিদপুরে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আলমগীর ফকির (৫৫) সন্ত্রাসী হামলার আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তলমা বাজারে তিনি এ হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় আলমগীর বাজারে এলে কয়েকজন সন্ত্রাসী তাঁকে লোহার রড ও কাঠের বাটাম দিয়ে পেটায়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আলমগীর জানান, হামলাকারীরা তাঁর কাছে থাকা দুটি মুঠোফোন সেট ও তিন হাজার টাকা নিয়ে যায়। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফসারউদ্দীন গতকাল বিকেলে বলেন, এ ব্যাপারে এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।