রাজধানীতে বাবার লাশ উদ্ধার, ছেলে আটক

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকার একটি বাসা থেকে বৃহস্পতিবার নূরুল আলম (৭৪) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে ইফতেখার আলমকে (৪৫) আটক করেছে পুলিশ। ইফতেখার মানসিক সমস্যায় ভুগছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ইফতেখার বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক। বাবাকে নিয়ে শেখেরটেকের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। তাঁদের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার মরিয়মনগর এলাকায়। ইফতেখারের মা সেখানেই থাকেন। বনিবনা না হওয়ার তাঁর স্ত্রী দুই সন্তানকে নিয়ে অন্যত্র থাকেন।  

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ জুবায়ের বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, ইফতেখার তাঁর বাবা নূরুল আলমকে নিয়ে যে বাসায় ভাড়া থাকতেন, ওই বাসার কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভাড়া নিতে যান। ইফতেখার তাঁকে মারধর করে বাসার নিচে নামিয়ে আনেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে বাড়ির মালিক ও কেয়ারটেকার ইফতেখারের বাসায় তাঁর বাবার কাছে বিচার দিতে যান। সেখানে গিয়ে তাঁরা খাটের ওপর নূরুল আলমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

পুলিশের এই কর্তকর্তা আরও বলেন, নূরুল আলমকে পড়ে থাকতে দেখে বিষয়টি আদাবর থানায় জানানো হয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। আর হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেখেরটেক প্রধান সড়ক থেকে ইফতেখারকে আটক করা হয়। নূরুল আলমের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জুবায়ের বলেন, ‘আমরা তাঁর (ইফতেখার) অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম। তাঁরা জানিয়েছেন, ইফতেখার ছয় মাস ধরে অফিসে যান না। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানতে পেরেছি। নিহত ব্যক্তির বাঁ পায়ের ঊরুতে একটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের তাঁর মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক প্রথম আলোকে বলেন, ইফতেখার মানসিকভাবে বিপর্যস্ত। কী কারণে বাবাকে তিনি হত্যা করেছেন, সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।