
দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ১ কেজি ১১১ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা রোববার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁদের আটক করেছেন। তাঁরা হলেন সাদ্দাম হোসেন (৩৩) ও নিজাম খন্দকার (২৯)।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, দুপুরে এমিরেটস এয়ারলাইনসের ইকে–৫৮২ ফ্লাইটে দুজন যাত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় এপিবিএনের গোয়েন্দা সদস্যরা তাঁদের আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রীরা সোনা পাচারের তথ্য অস্বীকার করেন। পরে আরও জিজ্ঞাসাবাদ করলে তাঁরা সোনা থাকার কথা স্বীকার করেন।
জিয়াউল হক আরও জানান, এরপর সাদ্দাম হোসেন ও নিজাম খন্দকারের সঙ্গে থাকা ট্রলি, ব্যাগ ও হাতঘড়ির মধ্যে বিশেষ কৌশলে লুকানো সোনা উদ্ধার করা হয়। এ সময় সোনার বারের পাশাপাশি সোনার প্লেটও উদ্ধার করা হয়। আপাতদৃষ্টে এই প্লেট সাদা রঙের হলেও রাসায়নিক পরীক্ষা করে তা ২৪ ক্যারেটের সোনা বলে নিশ্চিত হওয়া গেছে।
সাদ্দাম হোসেনের কাছ থেকে ৪২০ গ্রাম ও নিজাম খন্দকারের কাছ থেকে ৬৯১ গ্রাম সোনা উদ্ধার করা হয়। জিয়াউল হক বলেন, উদ্ধার করা সোনার বাজারমূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা। আটক যাত্রীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।