
রাজধানীর শ্যামপুরে ডিআইটি প্লট এলাকার একটি বাসা থেকে আজ শুক্রবার সন্ধ্যায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সাথী আক্তার (২১)। তাঁর গায়ে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী ফারুক উর রহমানকে (৩৪) আটক করা হয়েছে।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক জানিয়েছে, পারিবারিক কলহের জেরে তিনি সাথীকে গলা টিপে হত্যা করেছেন। সাথী ও ফারুকের বাড়ি বরিশালে। তাঁরা শ্যামপুরে ভাড়া বাসায় থাকতেন।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সকাল থেকে ফারুক ও তাঁর স্ত্রীর কলহের বিষয়টি অস্বাভাবিক পর্যায়ে চলে যায়। স্থানীয় বাসিন্দারাও তাঁদের হট্টগোলের বিষয়টি বুঝতে পারেন। তারা বিকেলে পুলিশের একটি টহল টিমকে বিষয়টি জানায়। পরে টহল দল ওই বাসায় গিয়ে দেখে—ঘর অন্ধকার, নারীর লাশ পড়ে আছে। প্রযুক্তির সহায়তা নিয়ে দেখা যায়, ওই নারীর স্বামী ফারুকের অবস্থান শ্যামপুর থানার আশপাশ এলাকায়। পরে অভিযান চালিয়ে ফারুককে হেফাজতে নেওয়া হয়।
ওসি বলেন, ফারুক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, পারিবারিক কলহের জের ধরে সকাল থেকে স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া শুরু হয়। এ নিয়ে তাঁদের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। বেলা একটার দিকে তিনি সাথীকে শ্বাসরোধে হত্যা করেন।
ফারুক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছে জানিয়ে ওসি বলেন, তিনি মুক্তবার্তা নামে একটি পত্রিকায় কাজ করেন বলে পরিচয় দিয়েছেন। তবে সেটিও অনিয়মিত বলেই মনে হয়েছে।
শ্যামপুর থানার পরিদর্শক (তদন্ত) সিহাব উদ্দিন প্রথম আলোকে জানান, সাথী আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।