ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক হাজতি মারা গেছেন। তাঁর নাম মো. লিটন শেখ (৩৫)। আজ বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. ইমদাদুল হক প্রথম আলোকে বলেন, আজ ভোরে লিটন শেখ হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

লিটন শেখের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি প্রথম আলোকে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।

কারা সূত্রে জানা গেছে, লিটন শেখ মাদক মামলায় কারাগারে ছিলেন। তিনি পুরান ঢাকার গেন্ডারিয়ায় থাকতেন। তাঁর বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জে।