মুমতারিন ফেরদৌস ডরিন
মুমতারিন ফেরদৌস ডরিন

কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ডরিন রিমান্ড শেষে কারাগারে

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার মুমতারিন ফেরদৌস ডরিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে ডরিন। আনার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় খুন হন।

রোববার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিব উল্লাহ পিয়াসের আদালত ডরিনের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রথম আলোকে বিষয়টি জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
তিন দিনের রিমান্ড শেষে ডরিনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক শাহাদাত হোসেন।

আসামিপক্ষের আইনজীবীরা তাঁর জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বুধবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার ওয়ারী বিভাগের একটি দল রাজধানীর লালমাটিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে ডরিনকে আটক করে। পরদিন বৃহস্পতিবার বিস্ফোরক আইনে করা মামলায় তাঁকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।

ডরিনের বাবা আনোয়ারুল আজীম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ছিলেন। ২০২৪ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তিনি খুন হন।