চট্টগ্রাম সিটি করপোরেশন

ঘুষের টাকাসহ গ্রেপ্তার কর কর্মকর্তার কারাদণ্ড

দুদকের মামলায় সাজাপ্রাপ্ত আলী আকবর
ছবি: সংগৃহীত

ঘুষের টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেপ্তার চট্টগ্রাম সিটি করপোরেশনের (বরখাস্ত) উপকর কর্মকর্তা আলী আকবরকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন।

দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমদ প্রথম আলোকে বলেন, আদালত আসামিকে একটি ধারায় ২ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন। আরেকটি ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন আসামি। আদালতের নির্দেশে পরে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

আদালত সূত্র জানায়, নগরের চান্দগাঁও থানার রুপালি আবাসিক এলাকার বাসিন্দা রাজা মিয়ার তত্ত্বাবধায়কের কাছে হোল্ডিংয়ের মালিকানা পরিবর্তন ও কর পুনর্নির্ধারণের জন্য ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব সার্কেল-২–এর ভারপ্রাপ্ত কর কর্মকর্তা আলী আকবর। ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক জামাল উদ্দিন দুদক চট্টগ্রাম কার্যালয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। এদিন দুদকের একটি দল ফাঁদ পেতে ঘুষের ২০ হাজার টাকাসহ আলী আকবরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নগরের চান্দগাঁও থানায় মামলা করেন দুদক চট্টগ্রামের তৎকালীন সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান। তদন্ত শেষে একই বছরের ৩০ অক্টোবর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন।